ডিএসইতে দুই ঘণ্টায় ২৪৭ কোটি টাকার লেনদেন
সপ্তাহের দ্বিতীয় দিন আজ সোমবার সূচকের ওঠানামা প্রবণতায় লেনদেন চলছে ঢাকার শেয়ারবাজারে। দুপুর সাড়ে ১২টায় লেনদেনের দুই ঘণ্টা শেষে ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। তবে সূচক সামান্য বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৭১০ পয়েন্টে।
এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। ১০ মিনিটে সূচক ১৬ পয়েন্ট বেড়ে যায়। তবে বেলা ১১টা ১০ মিনিটে সূচক কমে ১২ পয়েন্ট। এরপর আবার বাড়তি প্রবণতায় যায় সূচক, যা এখনো অব্যাহত রয়েছে।
এই সময়ে ডিএসইতে ২৭৯ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১২৭টির দাম কমেছে, বেড়েছে ১১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
এই সময় পর্যন্ত ডিএসইতে ২৪৭ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।
আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে স্কয়ার ফার্মা, গ্রামীণফোন, বিএসসিসিএল, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, যমুনা অয়েল, হেইডেলবার্গ সিমেন্ট, মেঘনা লাইফ ইনস্যুরেন্স, পদ্মা অয়েল, উত্তরা ফিন্যান্স, ইউসিবিএল প্রভৃতি।