ডিএসইতে দুই ঘণ্টায় ৩১১ কোটি টাকার লেনদেন
সূচক ও লেনদেনে ইতিবাচক প্রবণতায় আজ সোমবার লেনদেন চলছে ঢাকার শেয়ারবাজারে। দুপুর সাড়ে ১২টায় লেনদেনের দুই ঘণ্টা শেষে ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এর ফলে সূচক বেড়েছে। একই সঙ্গে লেনদেনেও কিছুটা গতি লক্ষ করা গেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ২৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৪৬০ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়, যা এখনো অব্যাহত রয়েছে।
এই সময়ে ডিএসইতে ২৭৮ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৫৭টির দাম বেড়েছে, কমেছে ৮৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এ সময় পর্যন্ত ডিএসইতে ৩১১ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।
আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে অ্যাপোলো ইস্পাত, বেঙ্গল উইন্ডসর, ওরিয়ন ফার্মা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, গোল্ডেন সন, আইএফআইসি ব্যাংক, লংকাবাংলা ফিন্যান্স, বিবিএইচ, ইউসিবিএল, সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি প্রভৃতি।