ডিএসইতে দুই মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন
দেশের শেয়ারবাজারের লেনদেনের নিম্নগতি বিনিয়োগকারীদের ভাবনায় ফেলেছে। চলতি মাসের প্রথম কার্যদিবসেও দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) হাজার কোটি টাকারও বেশি লেনদেন হয়েছিল। অথচ ১৫ দিনের ব্যবধানে গতকাল মঙ্গলবার সেটি সাড়ে ৩০০ কোটি টাকায় নেমে এসেছে, যা গত দুই মাসের মধ্যে সর্বনিম্ন।আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন নেমে এসেছে ৪৩ কোটি টাকায়, যা আগের দিনের চেয়ে ছয় কোটি টাকা কম।এর আগে গত ২০ জুন ডিএসইতে সর্বনিম্ন ৩৪১ কোটি টাকার লেনদেন হয়েছিল। যদিও রমজানের কারণে শেয়ারবাজারে লেনদেনের সময়সীমা এক ঘণ্টা কমে গেছে।এদিকে লেনদেন কমে যাওয়াকে বিনিয়োগকারীদের আস্থাহীনতার বহিঃপ্রকাশ বলে মত দিয়েছেন বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁরা বলছেন, বেশির ভাগ বিনিয়োগকারী লোকসানে শেয়ার বিক্রি করছেন না। তার ওপর ধারাবাহিকভাবে বাজারে দরপতন ঘটতে থাকায় ক্রেতাদের মধ্যে খুব বেশি আগ্রহ নেই। তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।যোগাযোগ করা হলে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) ভারপ্রাপ্ত সভাপতি হাফিজউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, এক দিকে বাজারে বিক্রিতা কমে গেছে, অন্যদিকে ক্রেতারাও নিষ্ক্রিয়। এ কারণে বাজারে লেনদেন কমে গেছে। বাজারের বর্তমান পরিস্থিতি বিনিয়োগকারীদের মধ্যে আস্থাহীনতা তৈরি করেছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও বাজারে খুব বেশি সক্রিয় নয়। তারল্য-স্বল্পতা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নিষ্ক্রিয়তার কারণ বলে তিনি জানান।তিনি আরও বলেন, এমনিতেই রমজানে শেয়ারবাজারে লেনদেনে কিছুটা ধীরগতি থাকে। তার সঙ্গে এবার যোগ হয়েছে বিনিয়োগকারীদের আস্থাহীনতা। আস্থার সংকট কেটে গেলে তারল্য-স্বল্পতাও দূর হয়ে যাবে বলে মনে করেন বিএমবিএর এই নেতা।রোববার শেয়ারের দরপতন দিয়েই ঢাকার বাজারে সপ্তাহের প্রথম দিনের লেনদেন শেষ হয়। আর গতকাল মঙ্গলবার লেনদেনের শুরু থেকে ছিল দরপতনের সেই ধারা, দিনশেষেও যা অব্যাহত ছিল। গতকাল লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে ৬০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ছয় হাজার ১১২। লেনদেন হওয়া ২৫৫টি কোম্পানির শেয়ারের মধ্যে ২২৪টিরই দাম কমেছে। বেড়েছে ২২টির, আর অপরিবর্তিত ছিল নয়টির দাম। দিনশেষে ঢাকার বাজারে প্রায় ৩৫৪ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ৮৬ কোটি টাকা কম। ডিএসইতে লেনদেনে শীর্ষ ১০টি কোম্পানির তালিকায় ছিল বেক্সিমকো, ইউনাইটেড এয়ার, এমজেএল বিডি, গ্রামীণফোন, সিটি ব্যাংক, এমআই সিমেন্ট, ওয়ান ব্যাংক, মালেক স্পিনিং, লাফার্জ সুরমা সিমেন্ট ও কেয়া কসমেটিকস।চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক দিনশেষে প্রায় ১৮১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৪৬৭ পয়েন্টে। সিএসইতে লেনদেন হওয়া ১৮১ কোম্পানির শেয়ারের মধ্যে ১৫৭টিরই দাম কমেছে। বেড়েছে ২১টির, আর অপরিবর্তিত ছিল তিন কোম্পানির শেয়ারের দাম।