ডিএসইতে দুটি অনুসন্ধান ডেস্ক
গ্রাহকদের ও ডিএসইর সদস্যদের সেবা দেওয়ার লক্ষ্যে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দুটি অনুসন্ধান ডেস্ক স্থাপন করা হয়েছে। সম্প্রতি চালু হওয়া এমএসএ প্লাস সফটওয়্যার নিয়ে যেকোনো ধরনের সমস্যা সমাধানে একটি ডেস্ক চালু করা হয়েছে। আরেকটি ডেস্কে শেয়ারবাজার নিয়ে যেকোনো সমস্যা সমাধানে যোগাযোগ করা যাবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।আজ বুধবার ডিএসইর ওয়েবসাইটে বলা হয়, ডিএসইর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এমএসএ প্লাস নিয়ে সমস্যা সমাধানের জন্য ‘প্রবলেম রিসলিউশন ডেস্ক’ বা সমস্যা সমাধান নামে একটি ডেস্ক খুলেছে। যেকোনো ধরনের সমস্যা সমাধানের জন্য ডিএসইর সদস্য হাউসগুলোকে এই ডেস্কে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। এ ক্ষেত্রে ০১৭১৩২৭৬৪১৪ নম্বর এবং ডিএসইর পিএবিএক্স এক্স-১৮৫ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।এ ছাড়া ‘ইনকোয়েরি ডেস্ক’ বা অনুসন্ধান ডেস্ক নামে আরেকটি গ্রাহক সেবাকেন্দ্র চালু করেছে ডিএসই। শেয়ারবাজারে কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে যেকোনো সমস্যা সমাধানের জন্য এই ডেস্কে যোগাযোগ করতে বলা হয়েছে। এ ক্ষেত্রে ০১৭১৩২৭৬৪১৫ ও ডিএসই পিএবিএক্স এক্স-২৩৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।