ডিএসইতে দেড় ঘণ্টায় ২৪৫ কোটি টাকার লেনদেন

ঢাকার শেয়ারবাজারে আজ মঙ্গলবার শুরু থেকে সূচকের ওঠানামার প্রবণতায় লেনদেন চলছে। দুপুর ১২টায় লেনদেনের দেড় ঘণ্টা শেষে ডিএসইতে ২৪৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ সময় ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে সূচক সামান্য বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, দুপুর ১২টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ২.২৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪১৪০.২৩ পয়েন্টে।
এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। ২০ মিনিটে সূচক ১৩ পয়েন্ট বেড়ে যায়। তবে বেলা সোয়া ১১টায় সূচক কমে ১৪ পয়েন্ট। এভাবেই ওঠানামা করছে সূচক।
এই সময়ে ডিএসইতে ২৭১ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিরগুলোর মধ্যে দাম বেড়েছে ১২৮টির, কমেছে ১২০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে সিএমসি কামাল, ফারইস্ট ফাইন্যান্স, হেইডেলবার্গ সিমেন্ট, এএমসিএল (প্রাণ), জেএমআই সিরিঞ্জ, বিএসসিসিএল, এনভয় টেক্সটাইল, ম্যাকসন স্পিনিং, ইউনাইটেড এয়ার, ইবনে সিনা প্রভৃতি।