ডিএসইতে দেড় ঘণ্টায় ২১২ কোটি টাকার লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহের দ্বিতীয় দিন আজ সোমবার সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে ঢাকার শেয়ারবাজারে। দুপুর ১২টায় লেনদেনের দেড় ঘণ্টা শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এতে সূচক বেড়েছে। গতকাল রোববার সূচকের বড় উত্থান লক্ষ করা যায় ডিএসইতে।

রমজান মাস উপলক্ষ েপরিবর্তন আনা হয়েছে শেয়ারবাজারের সময়সূচিতে। রমজানে সকাল সাড়ে ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত শেয়ারবাজারে লেনদেন হবে। তবে সকাল সাড়ে নয়টায় অফিসের কার্যক্রম শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত চলবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) কর্মকর্তারা প্রথম আলোকে এসব তথ্য জানিয়েছেন।

রমজান মাস ছাড়া অন্য সময় সকাল সাড়ে ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত দুই স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়। সকাল সাড়ে নয়টায় দাপ্তরিক কার্যক্রম শুরু হয়ে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত চলে।

ডিএসই সূত্রে জানা যায়, দুপুর ১২টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪,৪৯৯ পয়েন্টে। সকাল সাড়ে ১০টায় সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শুরু হয়। বেলা সোয়া ১১টার দিকে সূচক ২৬ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচক বাড়ার হার কিছুটা কমলেও ইতিবাচক প্রবণতায় রয়েছে সূচক। গতকাল ডিএসইএক্স সূচক বেড়েছিল ৭৭ পয়েন্ট।

এই সময়ে ডিএসইতে ২৬২ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১১৩টিরই দাম বেড়েছে। কমেছে ১০৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
এই সময় পর্যন্ত ডিএসইতে ২১২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দেড় ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বেক্সিমকো, ইউনাইটেড এয়ার, মেঘনা পেট্রোলিয়াম, গ্রামীণফোন, বিএসসিসিএল, স্কয়ার ফার্মা, পদ্মা অয়েল, যমুনা অয়েল, অ্যাপোলো ইস্পাত, এমজেএল বিডি প্রভৃতি।