ডিএসইতে দেড় ঘণ্টায় ২৫৩ কোটি টাকার লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহের দ্বিতীয় দিন আজ সোমবার সূচকের ওঠানামার প্রবণতায় লেনদেন চলছে ঢাকার শেয়ারবাজারে। দুপুর ১২টায় লেনদেনের দেড় ঘণ্টা শেষে ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এর ফলে সূচক সামান্য বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, দুপুর ১২টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪,৫৬৭ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। শুরুতেই সূচক গতকালের চেয়ে ১৫ পয়েন্ট বেড়ে যায়। বেলা ১১টা ৪০ মিনিটে সূচক কমে যায় ১৪ পয়েন্ট। এরপর আবারও ঊর্ধ্বমুখী হয় সূচক। এভাবে ওঠানামার মধ্যেই লেনদেন চলছে ডিএসইতে।

এই সময়ে ডিএসইতে ২৭৪ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১১৯টির দাম বেড়েছে, কমেছে ১১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এ সময় পর্যন্ত ডিএসইতে ২৫৩ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।

আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ইউনাইটেড এয়ার, ইউসিবিএল, বিএসসি, সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি, পদ্মা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম, অ্যাপেক্স অ্যাডেলচি ফুটওয়্যার, হেইডেলবার্গ সিমেন্ট, অ্যাপোলো ইস্পাত, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ প্রভৃতি।