দেশের পুঁজিবাজারে এই মুহূর্তে তালিকাভুক্ত সবচেয়ে বড় কোম্পানি গ্রামীণফোন লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) হিসাব অনুযায়ী এক হাজার ৩৫০ কোটি টাকা পরিশোধিত মূলধনের এই কোম্পানির শেয়ারের বাজারমূল্য এক টাকা বাড়লে সাধারণ মূল্যসূচক বাড়ে প্রায় সাড়ে তিন শতাংশ। ফলে গ্রামীণফোনের শেয়ারের দাম একটু বাড়লে বা কমলেই মূল্যসূচকে বড় ধরনের পরিবর্তন ঘটে। আর এ ঘটনায় প্রভাবিত হয়ে পড়ে পুরো বাজার। দুই সপ্তাহ ধরে গ্রামীণফোনের শেয়ারের দাম অব্যাহতভাবে বাড়ছিল। মূলত এরই প্রভাবে এ সময় ডিএসইর সাধারণ সূচক ৫৫২ পয়েন্ট বেড়েছে। আর এভাবে সূচক বাড়তে থাকায় নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (এসইসি) কিছুটা হলেও উদ্বিগ্ন হতে দেখা গেছে।এরই অংশ হিসেবে এসইসি গত সোমবার গ্রামীণফোনের শেয়ার লেনদেন তদন্তের উদ্যোগ নেয়। এতে মঙ্গলবার গ্রামীণফোনের শেয়ারের দাম কিছুটা কমলেও বুধবার থেকে আবার বৃদ্ধির ধারায় ফিরে আসে। এ কারণে গত বুধবার এসইসি গ্রামীণফোনের শেয়ার লেনদেনের পেছনে কোনো কারসাজি রয়েছে কি না, তা খতিয়ে দেখতে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠনের ঘোষণা দেয়। কিন্তু এ সিদ্ধান্তও শেয়ারটির দাম বৃদ্ধির ধারাকে রোধ করতে পারেনি।বাজার বিশ্লেষকেরা বলছেন, বাজারের নতুন নতুন বিনিয়োগকারীর সঙ্গে প্রতিদিনই বিপুল পরিমাণ নগদ অর্থের প্রবাহ বা তারল্য ঢুকছে। কিন্তু সে অনুযায়ী সরবরাহ না বাড়ায় বেশির ভাগ শেয়ারের দাম মৌল ভিত্তির তুলনায় অনেক বেড়ে গেছে। এ অবস্থায় শেয়ারের সরবরাহ না বাড়িয়ে অন্যভাবে বাজার নিয়ন্ত্রণ করার চেষ্টা শেষ পর্যন্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতিগ্রস্ত করবে। তাই বাজারের এই পরিস্থিতিকে ইতিবাচক হিসেবে দেখে সরকারসহ বেসরকারি খাতের ভালো উদ্যোক্তাদের উচিত সুযোগটি কাজে লাগানো।এ ব্যাপারে ডিএসইর সভাপতি রকিবুর রহমান ভারতের উদাহরণ তুলে ধরে প্রথম আলোকে বলেছেন, সম্প্রতি পুঁজিবাজারে মূল্যসূচক বেড়ে যাওয়ায় সে দেশের সরকার ও বেসরকারি খাতের উদ্যোক্তারা ৩০ হাজার কোটি টাকার শেয়ার ছাড়ার ঘোষণা দিয়েছেন। আর এ ঘোষণার পরপরই সূচকের ঊর্ধ্বগতি থেমে গেছে।কারণ, বিনিয়োগকারীরা বেশি দাম দিয়ে পুরোনো শেয়ারে বিনিয়োগ না করে নতুন কোম্পানির শেয়ারে বিনিয়োগের জন্য অপেক্ষা করছেন। বাজার স্থিতিশীল করতেই ভারতের সরকার ও উদ্যোক্তারা এ উদ্যোগ নিয়েছেন।একইভাবে দেশীয় বাজারের অতিরিক্ত তারল্যকে অবকাঠামো উন্নয়ন ও শিল্পায়নের কাজে লাগাতে সরকার ও বেসরকারি খাতের উদ্যোক্তাদের শেয়ারবাজার থেকে মূলধন সংগ্রহের আহ্বান জানান রকিবুর রহমান।ডিএসইর সাপ্তাহিক প্রতিবেদন থেকে জানা গেছে, গত সপ্তাহেই স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হয়েছে সাত হাজার ৫৩৬ কোটি টাকা, যা আগের সপ্তাহের চেয়ে এক হাজার ৮৫০ কোটি টাকা বা প্রায় ৩৩ শতাংশ বেশি। দেশের পুঁজিবাজারে এক সপ্তাহে এ পরিমাণ লেনদেন এর আগে কখনো হয়নি। এ সময় ডিএসইতে দৈনিক গড়ে এক হাজার ৫০০ কোটি টাকা বেশি লেনদেন হয়েছে। অর্থাত্, লেনদেনের ক্ষেত্রে নতুন এক স্তরে উন্নীত হয়েছে ঢাকার শেয়ারবাজার। গত সপ্তাহে ডিএসইর সাধারণ মূল্যসূচক আগের সপ্তাহের চেয়ে ২৯৫ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৩৯০ পয়েন্ট ছাড়িয়েছে। সূচক বৃদ্ধির হার ছিল প্রায় ছয় শতাংশের মতো। এর আগের সপ্তাহে সূচক বেড়েছিল ২৫৭ পয়েন্ট। এ সময় মোট ২৫৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৭০টির, কমেছে ৭৪টির এবং অপরিবর্তিত ছিল দুটি কোম্পানির শেয়ারের দর।লেনদেনের শীর্ষ ১০: গ্রামীণফোন, বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মা, বেক্সটেক্স, ডেসকো, শাইনপুকুর সিরামিকস, এবি ব্যাংক, লঙ্কাবাংলা ফাইন্যান্স, তিতাস গ্যাস ও সিটি ব্যাংক।