সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সভাপতি নির্বাচিত হয়েছেন শাকিল রিজভী স্টক লিমিটেডের স্বত্বাধিকারী শাকিল রিজভী।আর জ্যেষ্ঠ সহসভাপতি ও সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে লঙ্কাবাংলা সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী ও পার্কওয়ে সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম।রাজধানীর একটি হোটেলে ডিএসইর নবগঠিত পরিচালনা পর্ষদের সভায় গতকাল শনিবার এ সিদ্ধান্ত নেওয়া হয়। নির্বাচিত ব্যক্তিরা আগামী এক বছরের জন্য ডিএসইর পরিচালনা পর্ষদের নেতৃত্ব দেবেন। শাকিল রিজভী এর আগের পর্ষদে সহসভাপতি ছিলেন। বিদায়ী সভাপতি রকিবুর রহমানের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। নাসির উদ্দিন চৌধুরী ও রফিকুল ইসলাম যথাক্রমে বিদায়ী জ্যেষ্ঠ সহসভাপতি সাইফুল ইসলাম ও সহসভাপতি শাকিল রিজভীর স্থলাভিষিক্ত হয়েছেন।যোগাযোগ করা হলে শাকিল রিজভী তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘গত কয়েক বছরে দেশের পুঁজিবাজারে অনেক অগ্রগতি হয়েছে। আমাদের প্রথম চেষ্টা থাকবে এ অগ্রগতির ধারা অব্যাহত রাখা, যাতে অর্থনৈতিক উন্নয়নে পুঁজিবাজার ভূমিকা রাখতে পারে।’ এ ছাড়া বিনিয়োগকারীদের স্বার্থে লেনদেন-ব্যবস্থাকে আরও সহজ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে তথ্যপ্রযুক্তির উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। এ জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছেন শাকিল রিজভী।রকিবুর রহমান আবার ডিএসইর সভাপতি হবেন—বাজারসংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে কয়েক দিন আগেও এমন ধারণা ছিল। তাঁদের বক্তব্য, পুনরায় সভাপতি হওয়ার জন্যই তিনি ডিএসইর সংঘস্মারকে পরিবর্তন আনিয়েছিলেন।কারণ আগের সংঘস্মারকবিধি অনুযায়ী তাঁর পক্ষে মেয়াদ শেষ হওয়ার পরের নির্বাচনে অংশ নেওয়া সম্ভব হতো না।এ ছাড়া একই উদ্দেশ্যে তিনি ডিএসইর নির্বাচনে অংশ নিতে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) কাছ থেকে অনাপত্তিপত্র নেওয়ার মতো একটি অগণতান্ত্রিক প্রক্রিয়া চালুর পেছনে বড় ভূমিকা রেখেছেন বলে মনে করা হয়।কিন্তু ২১ মার্চ পরিচালনা পর্ষদের চারটি পদে নির্বাচন অনুষ্ঠানের পর থেকেই রকিবুর রহমান সভাপতি হতে চান না বলে তিনি ডিএসইর অনেক সদস্যকে জানান। কারণ হিসেবে নিজের পরিবারকে আরও বেশি সময় দেওয়ার কথা বলেন তিনি। অবশ্য, কাউকে কাউকে তিনি সরকারের শীর্ষপর্যায় থেকে সভাপতি হওয়ার জন্য সবুজ সংকেত না পাওয়ার কথাও উল্লেখ করেন।বাজারসংশ্লিষ্ট সূত্র জানায়, ডিএসইর নির্বাচনসহ বেশ কিছু বিষয়ে রকিবুর রহমানের ভূমিকা নিয়ে সরকারের শীর্ষপর্যায়ের অনেকেই অসন্তুষ্ট ছিলেন। এ কারণে তাঁকে পুনরায় সভাপতি হিসেবে দেখতে সরকার তেমন আগ্রহী হয়নি। আবার নতুন পর্ষদে রকিবুর রহমানের বিরোধী পক্ষের কেউ কেউ পরিচালক হিসেবে নির্বাচিত হয়ে আসায় তাঁর একক নেতৃত্ব প্রতিষ্ঠা সম্ভব না-ও হতে পারে—এ ভাবনা থেকেও তিনি সরে দাঁড়িয়েছেন বলে পরিচালকদের অনেকে মনে করেন।শেষ পর্যন্ত অবশ্য রকিবুর রহমানের পছন্দেই নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে বলে জানা গেছে। নতুন নেতৃত্ব নির্বাচনের আগে গতকাল ডিএসইর ৪৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। রকিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ২০০৮-০৯ অর্থবছরের সংস্থাটির কার্যবিবরণী, পরিচালকদের প্রতিবেদন, নিরীক্ষিত হিসাব বিবরণী এবং নিরীক্ষকের প্রতিবেদন সর্বসম্মতভাবে অনুমোদিত হয়। এ ছাড়া সভায় নবনির্বাচিত চার পরিচালককে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার মাধ্যমে পরিচালনা পর্ষদের অন্তর্ভুক্ত করা হয়।