ডিএসইতে নির্বাচিত হলেন চার পরিচালক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চারজন পরিচালক নির্বাচিত হয়েছেন।তাঁরা হলেন মো. হানিফ ভূঁইয়া, মো. শাহজাহান, মো. আবদুল হক ও মিনহাজ মান্নান।আজ রোববার সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত ডিএসইর পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। মোট চারটি পরিচালক পদের বিপরীতে ছয়জন প্রার্থী নির্বাচনে অংশ নেন। ভোট গ্রহণ শেষে বিকেল সাড়ে পাঁচটার দিকে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার এম এ হাসেম।নির্বাচনে অংশ নিয়ে র্যাপিড সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হানিফ ভূঁইয়া সর্বোচ্চ ১৬৮ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন। এ ছাড়া পরিচালক নির্বাচিত হওয়া অন্য তিনজনের মধ্যে জাহান সিকিউরিটিজ লিমিটেডের এমডি মো. শাহজাহান পেয়েছেন ১৬৩ ভোট, রয়েল গ্রিন সিকিউরিটিজ লিমিটেডের এমডি আবদুল হক পেয়েছেন ১২৯ ভোট ও বিএলআই সিকিউরিটিজ লিমিটেডের এমডি মিনহাজ মান্নান পেয়েছেন ১২১ ভোট।নির্বাচন কমিশনার এম এ হাশেম বলেন, খুব সুন্দর নির্বাচন হয়েছে। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন।নির্বাচিত পরিচালক হানিফ ভূঁইয়া তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘বিপুল ভোটে আমাকে পরিচালক নির্বাচিত করায় সবার প্রতি আমি কৃতজ্ঞ’। তিনি আরও বলেন, বর্তমান পর্ষদের মাধ্যমে সরকারের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পুঁজিবাজারের উন্নয়নে কাজ করা হবে।মো. শাহজাহান বলেন, ‘খুব ভালো লাগছে। ডিএসইর উন্নয়নে কাজ করব।’আবদুল হক বলেন, ‘বাজার নিয়ে আমরা খুবই আশাবাদী। আশা করি, আমরা ভালো করতে পারব।’মিনহাজ মান্নান বলেন, ‘এটি একটি যুগান্তকারী নির্বাচন। নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হয়েছে। আমরা বাজারে ইতিবাচক ভূমিকা রাখতে পারব।’ডিএসই সূত্রে জানা গেছে, ডিএসইর পরিচালনা পর্ষদে মোট ১২ জন নির্বাচিত পরিচালক থাকেন। প্রতি বছর চারটি পরিচালকের পদ শূন্য হয়। এই চারটি পদ পূরণের জন্য প্রতি বছর নির্বাচন অনুষ্ঠিত হয়।নির্বাচিত এই চারজন পরিচালক এবং আগের আটজনসহ মোট ১২ জনের মধ্য থেকে ১৫ মার্চ অনুষ্ঠেয় বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সংস্থাটির সভাপতি, জ্যেষ্ঠ সহসভাপতি ও সহসভাপতি নির্বাচন করা হবে।