ডিএসইতে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে নতুন মূল্যসূচক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) পরীক্ষামূলকভাবে নতুন মূল্যসূচক চালু করা হয়েছে। ১২ ডিসেম্বর থেকে পরীক্ষামূলকভাবে নতুন সূচক গণনা করছে ডিএসই। সূচক সংশোধনের দায়িত্বপ্রাপ্ত আন্তর্জাতিক প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওর’র (এসঅ্যান্ডপি) প্রস্তাবিত পদ্ধতি বা মেথডোলজি ব্যবহার করে এই সূচক গণনা করা হচ্ছে। তবে এটি সূচকের চূড়ান্ত কোনো হিসাব নয়। এই কারণে এ বিষয়ে এখনই কোনো ঘোষণা দেওয়া হচ্ছে না। আর মূল্যসূচক গণনায় এসঅ্যান্ডপি যে পদ্ধতির সুপারিশ করেছে তা চূড়ান্ত বিবেচনা বা অনুমোদনের জন্য ইতিমধ্যে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)-এ পাঠানো হয়েছে। ডিএসই সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন সূচক চালুতে এসঅ্যান্ডপি ২০০৮ সালকে ভিত্তিবছর ধরার সুপারিশ করেছে। আর ডিএসইও বর্তমানে ২০০৮ সালকে ভিত্তিবছর ধরে পরীক্ষামূলকভাবে নতুন সূচকের হিসাব করছে। এখন পর্যন্ত এসঅ্যান্ডপির প্রস্তাবনায় ১০০ ও এক হাজার পয়েন্টকে নতুন সূচকের প্রারম্ভিক অবস্থান ধরার কথা বলা হয়েছে। সেই অনুযায়ী, ডিএসই এখন এক হাজার পয়েন্টকে প্রারম্ভিক অবস্থান ধরে ২০০৮ সাল থেকে ফ্রি ফ্লোট বা লেনদেনযোগ্য শেয়ারকে হিসাবে নিয়ে সূচক গণনা করে চলেছে। এতে এক হাজারে ভিত্তিসূচক বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে প্রায় এক হাজার ৩০০ পয়েন্টে। গত পাঁচ বছরে বাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর শেয়ারের দামে যে পরিবর্তন ঘটেছে তাতে এক হাজারের ভিত্তিসূচকের সঙ্গে ৩০০ সূচক যুক্ত হয়েছে। অর্থাৎ বর্তমান সাধারণ সূচকের জায়গায় নতুন সূচক প্রতিস্থাপন করা হলে তার অবস্থান দাঁড়াবে প্রায় ১৩০০ পয়েন্টে। ডিএসই সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, এক হাজারকে ভিত্তি ধরার পাশাপাশি নির্ধারিত কিছু শেয়ারকে বিবেচনায় নিয়ে ১০০ পয়েন্টকে ভিত্তি ধরেও মূল্যসূচক গণনা করা হচ্ছে। সেই সঙ্গে বিদ্যমান সাধারণ সূচকের ২০০৮ সালের অবস্থানকে ভিত্তি ধরে এসঅ্যান্ডপির পদ্ধতি অনুযায়ী সূচক গণনা করা হচ্ছে। এদিকে ডিএসইর পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন বছরের (২০১৩ সাল) জানুয়ারিতে নতুন সূচক চালু করার প্রক্রিয়া চলছে। জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক ডিএসইর একজন শীর্ষস্থানীয় নির্বাহী প্রথম আলোকে বলেন, ‘আগামী মাসের শেষ সপ্তাহে নতুন সূচক চালুর পরিকল্পনা নিয়ে কাজ চলছে। এরই মধ্যে পরীক্ষামূলকভাবে নতুন সূচক চালু করা হয়েছে। এ ছাড়া নতুন সূচক চালুর জন্য এসঅ্যান্ডপি যে পদ্ধতির সুপারিশ করেছে তা এসইসিতে পাঠানো হয়েছে।’ বর্তমানে ডিএসইর যে সূচক রয়েছে তাতে বড় ধরনের ভুল রয়েছে। দীর্ঘদিন ধরে ভুল সূচকেই চলছে ডিএসইর লেনদেন। ২০০৯ সালে গ্রামীণফোনের তালিকাভুক্তির পর ডিএসইর বিদ্যমান সূচকের বড় ধরনের ভুলের বিষয়টি ধরা পড়ে। পরে এ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হলে সূচক সংশোধনের উদ্যোগ নেওয়া হয়। সূচক সংশোধনের জন্য ডিএসই আন্তর্জাতিক প্রতিষ্ঠান এসঅ্যান্ডপিকে দায়িত্ব দেয়। এর আগে চলতি বছরের শুরুতে এসইসির পক্ষ থেকে বলা হয়, শুধু লেনদেনযোগ্য (ফ্রি-ফ্লোট) শেয়ারের ভিত্তিতেই সূচক গণনা করা হবে। সেই সঙ্গে এসইসির পক্ষ থেকে ফ্রি-ফ্লোট শেয়ারের সংজ্ঞা নির্ধারণ করে দেওয়া হয়। এসইসির নির্ধারিত ফ্রি-ফ্লোটের সংজ্ঞায় বলা হয়েছে, তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা, প্লেসমেন্ট, লকইন (বিক্রি-নিষিদ্ধ) ও সরকারের হাতে থাকা শেয়ার ওই কোম্পানির লেনদেনযোগ্য শেয়ার হিসেবে গণ্য হবে না। পাশাপাশি কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির হাতে যদি কোনো কোম্পানির ৫ শতাংশের বেশি শেয়ার থাকে তাহলে ওই অংশটুকুও ফ্রি-ফ্লোট শেয়ার হিসেবে গণ্য হবে না। ৫ শতাংশের বেশি শেয়ার ধারণকে কমিটি কৌশলগত ধারণ হিসেবে বিবেচনায় নিয়েছেন। সব মিলিয়ে পাঁচ ধরনের শেয়ারকে এই ফ্রি-ফ্লোটের বাইরে রাখা হয়েছে। উল্লিখিত এসব শেয়ারের বাইরে কোম্পানির যেসব শেয়ার থাকবে সেগুলোই কেবল লেনদেনযোগ্য শেয়ার হিসেবে বিবেচনা করা হবে। ধরা যাক, তালিকাভুক্ত কোনো একটি কোম্পানির মোট শেয়ারের পরিমাণ দুই লাখ। এর মধ্যে উদ্যোক্তাদের হাতে রয়েছে ২৫ হাজার, প্লেসমেন্টে বরাদ্দ রয়েছে ২৫ হাজার, সরকারের হাতে আছে ২৫ হাজার ও লকইনে রয়েছে আরও ২৫ হাজার শেয়ার। এর বাইরে কোম্পানিটির এক লাখ শেয়ার বরাদ্দ রয়েছে। আর প্রাতিষ্ঠানিক ও ব্যক্তি শ্রেণীর বিনিয়োগকারীর হাতে কৌশলগত কারণে এই এক লাখের ৫ শতাংশ বা ১০ হাজার শেয়ার রয়েছে। ফ্রি-ফ্লোটের নতুন সংজ্ঞা অনুযায়ী, তালিকাভুক্ত ওই কোম্পানির ৯০ হাজার শেয়ারই কেবল লেনদেনযোগ্য শেয়ার হিসেবে বিবেচিত হবে।উল্লেখ্য, গত সপ্তাহে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এসইসির নিজস্ব সার্ভিলেন্স সফটওয়্যার উদ্বোধনকালে শেয়ারবাজারের নতুন মূল্যসূচক চালু হওয়ার বিষয়টি উল্লেখ করেছিলেন। সঠিকভাবে মূল্যসূচক গণনা না করার জন্য এর আগে এসইসি ডিএসইকে কারণ দর্শাতে নির্দেশ দিয়েছিল।