ডিএসইতে পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শেয়ারবাজারে লেনদেন কমছেই। এরই জের ধরে আজ মঙ্গলবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন পাঁচ বছর আগের অবস্থানে নেমে এসেছে। তবে ডিএসইতে সূচক সামান্য বাড়লেও সিএসইতে কমেছে।ডিএসই সূত্রে জানা যায়, ডিএসইতে আজ ১০৪ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১৫ কোটি টাকা কম। একই সঙ্গে আজকের লেনদেন গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২০০৮ সালের ৮ জানুয়ারি ডিএসইতে ৮১ কোটি টাকার লেনদেন হয়েছিল। এ ছাড়া ২০১১ সালের ২০ জানুয়ারি এখানে ৬৮ কোটি টাকার লেনদেন হয়। তবে সেদিন মাত্র পাঁচ মিনিট লেনদেন হওয়ার পর লেনদেন বন্ধ করা হয়েছিল। এ হিসেবে ২০১১ সালের ২০ জানুয়ারির লেনদেন বাদ দিলে আজকের লেনদেন পাঁচ বছর মধ্যে সর্বনিম্ন।ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ১.৫৫ পয়েন্ট বেড়ে ৪১১৩.১৭ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে সকাল সাড়ে ১০টায় ডিএসইতে লেনদেন শুরু হয়। এরপর একাধিকবার ওঠানামা করে সূচক।আজ ডিএসইতে মোট ২৬৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৩৪টিরই দাম বেড়েছে। কমেছে ৮৮টির আর অপরিবর্তিত রয়েছে ৪৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।দিনের লেনদেন শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: ইউনাইটেড এয়ার, ইউনিক হোটেল, আরএন স্পিনিং, বেক্সিমকো, এনবিএল, এনভয় টেক্সটাইল, বিএসসিসিএল, সামিট পাওয়ার, গ্রামীণ ফোন ও স্কয়ার ফার্মা।দিনের লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক গতকালের চেয়ে ২২.১৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২৫৫৮.২০ পয়েন্টে। সিএসইতে আজ ১৬৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাত বদল হয়েছে। এর মধ্যে ৭৯টিরই দাম কমেছে। বেড়েছে ৫৮টির আর অপরিবর্তিত রয়েছে ৩২টি প্রতিষ্ঠানের দাম। এই স্টক এক্সচেঞ্জে আজ ১১ কোটি টাকার শেয়ার দেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে তিন কোটি টাকা কম।