ডিএসইতে প্রাতিষ্ঠানিক সুশাসন বিভাগ চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) চালু হলো পৃথক প্রাতিষ্ঠানিক সুশাসন ও আর্থিক প্রতিবেদন পরিপালন (সিজিএফআরসি) বিভাগ।রাজধানীর মতিঝিলের ডিএসই-সংলগ্ন সোয়ানটেক্স ভবনে গতকাল রোববার বিভাগটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান এম খায়রুল হোসেন।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এসইসির সদস্য হেলাল উদ্দিন নিজামী, আমজাদ হোসেন, আরিফ খান ও আবদুস সালাম শিকদার এবং ডিএসইর সভাপতি শাকিল রিজভীসহ সংস্থাটির সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।অনুষ্ঠানে খায়রুল হোসেন বলেন, সিজিএফআরসি বিভাগ চালুর ফলে স্ব-নিয়ন্ত্রক হিসেবে ডিএসইর সক্ষমতা অনেকাংশে বেড়ে যাবে। তারা নিজেরাই কোম্পানির আর্থিক প্রতিবেদন পরীক্ষা-নিরীক্ষা করতে পারবে। এ ক্ষেত্রে নিয়ম মানা হয়েছে কি না, প্রতিবেদন যথাযথ হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যাবে। এতে কোম্পানির স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হওয়ার পাশাপাশি সুশাসনও প্রতিষ্ঠিত হবে। খায়রুল হোসেন বলেন, বিনিয়োগকারীরা বিভিন্ন কোম্পানির আর্থিক প্রতিবেদন দেখে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়ে থাকেন। তাই আর্থিক প্রতিবেদনে স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। বিভাগটি চালুর ফলে আর্থিক প্রতিবেদনের বিশ্বাসযোগ্যতা অনেক গুণ বেড়ে যাবে। এর ফলে বাজার স্থিতিশীল, স্বচ্ছ ও শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়াবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। শাকিল রিজভী বলেন, সিজিএফআরসি বিভাগ চালু করার মাধ্যমে ডিএসইর কার্যক্রম পূর্ণাঙ্গতা পেল। বর্তমানে সিজিএফআরসি বিভাগে একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসহ মোট জনবল সাতজন। ভবিষ্যতে এ বিভাগের জনবল আরও বাড়ানো হবে বলে ডিএসই জানিয়েছে। জানা গেছে, সিজিএফআরসি বিভাগ বার্ষিক নিরীক্ষিত প্রতিবেদন ছাড়াও কোম্পানিগুলোর প্রান্তিক হিসাব বিবরণী পর্যালোচনা করবে। বিধি অনুসারে, বার্ষিক আর্থিক প্রতিবেদন ছাড়াও কোম্পানিগুলো প্রথম প্রান্তিক, অর্ধবার্ষিক ও তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করে থাকে। অনেক কোম্পানির বিরুদ্ধে আর্থিক হিসাব বিবরণীর মাধ্যমে শেয়ার মূল্য-কারসাজির অভিযোগ রয়েছে। আবার অনেক কোম্পানি নিজেদের লোকসানি দেখিয়ে অথবা প্রকৃত মুনাফা আড়াল করে বিনিয়োগকারীদের বঞ্চিত করে থাকে। সিজিএফআরসি বিভাগ চালু হলে কোম্পানির বিভিন্ন আর্থিক প্রতিবেদনে অসংগতি আছে কি না তা প্রকাশ করা সহজ হবে।