ডিএসইতে বছরের প্রথম ৫০০ কোটি টাকার লেনদেন
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বুধবার লেনদেন ৫০০ কোটি টাকা ছাড়িয়েছে। চলতি ২০১৪ সাল ও গত নয় কার্যদিবসের ব্যবধানে এটি ডিএসইতে সর্বোচ্চ লেনদেন। এর আগে সর্বশেষ গত ২২ ডিসেম্বর ডিএসইতে ৭১০ কোটি টাকার লেনদেন হয়েছিল।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন বেড়েছে। গতকাল দিন শেষে সিএসইতে লেনদেনের পরিমাণ ছাড়িয়েছে ৫০ কোটি টাকা। চলতি বছরের মধ্যে এটিও সেখানকার বাজারে সর্বোচ্চ। এর আগে সর্বশেষ গত ২৪ ডিসেম্বর সিএসইতে প্রায় ৬৫ কোটি টাকার লেনদেন হয়েছিল।
ঢাকার বাজারে এদিন প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৬১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৩৯১ পয়েন্টে। বেড়েছে লেনদেন হওয়া অধিকাংশ শেয়ারের দাম।
এদিকে অস্বাভাবিক দরবৃদ্ধির প্রেক্ষাপটে তালিকাভুক্ত কোম্পানি এপেক্স এডেলকি ও মেঘনা প্যাট ইন্ডাস্ট্রিজের কাছে মূল্য সংবেদনশীল তথ্য জানতে চেয়ে চিঠি দিয়েছে ডিএসই কর্তৃপক্ষ। জবাবে কোম্পানি দুটি জানিয়েছে, শেয়ারের অস্বাভাবিক দরবৃদ্ধির মতো মূল্য সংবেদনশীল কোনো তথ্য নেই।
ঢাকার বাজারে গতকাল লেনদেনের শীর্ষে ছিল লংকা বাংলা ফিন্যান্স। এদিন এককভাবে কোম্পানিটির ২৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। লেনদেনের দ্বিতীয় স্থানে ছিল গোল্ডেনসন, যার লেনদেনের পরিমাণ ছিল প্রায় ২৫ কোটি টাকা।
বাজারসংশ্লিষ্টরা বলছেন, নির্বাচন নিয়ে তৈরি হওয়া শঙ্কা দূর হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে আস্থা কিছুটা বাড়তে শুরু করেছে। নির্বাচনের আগে নিষ্ক্রিয় হয়ে পড়া বিনিয়োগকারীরা আবারও সক্রিয় হতে শুরু করেছেন। এ কারণে বাজারে লেনদেনের উন্নতি দেখা যাচ্ছে।
ঢাকার বাজারে বুধবার ২৯২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ২২৪টিরই দাম বেড়েছে, কমেছে ৪৬টির আর অপরিবর্তিত ছিল ২২টির দাম। দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৫৪০ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ৮৪ কোটি টাকা বেশি।
চট্টগ্রামের বাজারে এদিন ২২২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৭৭টিরই দাম বেড়েছে, কমেছে ৩০টির আর অপরিবর্তিত ছিল ২২টির দাম। দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৫৩ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে আট কোটি টাকা বেশি। সিএসইর সার্বিক সূচক গতকাল প্রায় ১৮০ পয়েন্ট বেড়ে হয়েছে ১৩ হাজার ৫৮৯ পয়েন্ট।