ডিএসইতে বছরের সর্বোচ্চ লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশীয় আবেদনকারীদের কাছ থেকে অ্যামারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজের প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর চাঁদা গ্রহণের শেষ দিন ছিল গতকাল রোববার। এদিন কোম্পানিটির আইপিওর শেয়ারের আবেদনের জন্য রাজধানীর বিভিন্ন ব্যাংকে ছিল দীর্ঘ লাইন। ঢাকার মতিঝিল, দিলকুশা এলাকাসহ যেসব ব্যাংকে কোম্পানিটির আইপিওর অর্থ জমা নেওয়া হয়েছে, সেগুলোর বেশির ভাগের সামনেই আবেদনকারীদের লাইন দেখা গেছে।
দেশীয় আবেদনকারীদের জন্য গতকাল শেষ দিন হলেও প্রবাসী বাংলাদেশিরা ২১ জানুয়ারি পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন। আবেদনকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১০ টাকা অভিহিত মূল্যে বা ফেস ভ্যালুতে কোম্পানিটি আইপিওতে শেয়ার ছাড়ায় বিনিয়োগকারীদের আগ্রহ বেশি ছিল।
অ্যামারেল্ড অয়েলের প্রাথমিক তথ্য বিবরণী অনুযায়ী, আইপিওতে কোম্পানিটি দুই কোটি শেয়ার ছাড়বে। ৫০০ শেয়ার নিয়ে কোম্পানিটির মার্কেটলট বা বাজারগুচ্ছ গঠন করা হয়েছে। এর ফলে এক লট বা একগুচ্ছ শেয়ারের আবেদনের জন্য বিনিয়োগকারীদের জমা দিতে হয়েছে পাঁচ হাজার টাকা। এ কারণে একজন বিনিয়োগকারীকে একাধিক লটের আবেদন করতে দেখা গেছে।
কোম্পানিটি প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে ২০ কোটি টাকা সংগ্রহ করবে। এই টাকা কোম্পানিটি মেয়াদি ঋণ শোধ করার পাশাপাশি চলতি মুলধন হিসাবে কাজে লাগাবে। কোম্পানিটি ধানের কুঁড়া থেকে তেল, চর্বিযুক্ত অ্যাসিডসহ বেশ কিছু পণ্য উৎপাদন ও বাজারজাত করে থাকে। ধানের কুঁড়া থেকে উৎপাদিত তেল কোম্পানিটি ‘স্পন্দন’ নামে বাজারজাত করে।
বাজারচিত্র: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল লেনদেনের পরিমাণ ৬০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। চলতি ২০১৪ সালে এটিই এখন পর্যন্ত ডিএসইতে সর্বোচ্চ লেনদেন। এর আগে সর্বশেষ গত বছরের ২২ ডিসেম্বর ঢাকার বাজারে ৭১০ কোটি টাকার লেনদেন হয়েছিল। আর চলতি বছরে এই বাজারে গত ৮ জানুয়ারি সর্বোচ্চ ৫৪০ কোটি টাকা লেনদেন হয়েছিল।
একইভাবে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক একচেঞ্জেও (সিএসই) গতকাল লেনদেন ৬০ কোটি টাকা ছাড়িয়েছে। চলতি বছরের মধ্যে এখন পর্যন্ত এটিই সর্বোচ্চ লেনদেন। এর আগে সিএসইতে গত বছরের ২৪ ডিসেম্বর সর্বোচ্চ প্রায় ৬৬ কোটি টাকার লেনদেন হয়েছিল।
ঢাকার বাজারে রোববার ২৮৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৬৪টিরই দাম বেড়েছে, কমেছে ৮৮টির আর অপরিবর্তিত ছিল ৩৬টি শেয়ারের দাম। আগের দিনের ধারাবাহিকতায় গতকালও ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল গোল্ডেন সন। এদিন এককভাবে কোম্পানিটির প্রায় ২৫ কোটি টাকার লেনদেন হয়েছে। দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৬২০ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ১০২ কোটি টাকা বেশি।
চট্টগ্রামের বাজারে এদিন ২২০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১০৯টির দাম বেড়েছে, কমেছে ৮৭টির আর অপরিবর্তিত ছিল ২৪টি শেয়ারের দাম। দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৬১ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে আট কোটি টাকা বেশি।