ডিএসইতে বস্ত্র খাতের প্রাধান্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে এবার বস্ত্র খাতের প্রাধান্য বেড়েছে। গতকাল সোমবার ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল এই খাত। এর আগে কয়েক দিন ধরে লেনদেনে প্রাধান্য ছিল বিদ্যুৎ ও জ্বালানি খাতের, যেটি এদিন দ্বিতীয় স্থানে নেমে গেছে।ঢাকার বাজারে গতকাল দ্বিতীয় দিনের মতো লেনদেনের পরিমাণ ৪০০ কোটি টাকার ওপরে থাকে। দিনের শেষে বাজারে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৪৩৮ কোটি টাকা। এটি চলতি বছরের মধ্যে এখন পর্যন্ত সর্বোচ্চ লেনদেন। এর আগে রোববারের ৪১৮ কোটি টাকার লেনদেনই ছিল এ বছরের সর্বোচ্চ।কসমোপলিটন ফিন্যান্সের এক প্রতিবেদন অনুযায়ী, ডিএসইতে বস্ত্র খাতের ২৭টি কোম্পানির সম্মিলিত লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৭৮ কোটি টাকা, যা বাজারের মোট লেনদেনের প্রায় ১৮ শতাংশ।খাতভিত্তিক লেনদেনে বস্ত্র খাতের প্রাধান্য থাকলেও একক কোম্পানি হিসেবে এদিন লেনদেনের শীর্ষস্থানে ছিল ভ্রমণ ও অবকাশ খাতের কোম্পানি ইউনাইটেড এয়ার। দ্বিতীয় স্থানে ছিল নতুন তালিকাভুক্ত কোম্পানি সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি। বাজারের মোট লেনদেনের প্রায় ১০ শতাংশ ছিল এই দুটি কোম্পানির।তবে এদিন ডিএসইর সূচক বৃদ্ধিতে সবচেয়ে বেশি অবদান রাখে আরএকে সিরামিকস। গতকাল কোম্পানিটির প্রতিটি শেয়ারের দর প্রায় ৬ শতাংশ বাড়ায় ডিএসইর সাধারণ সূচকে যুক্ত হয় শূন্য দশমিক ০৫ শতাংশীয় পয়েন্ট। এদিন কোম্পানিটি ২০১২ সালের শেয়ারধারীদের জন্য ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে। এর মধ্যে ছিল ১৫ শতাংশ নগদ এবং ১০ শতাংশ বোনাস শেয়ার। ঢাকার বাজারে সাধারণ সূচক এদিন ৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৩৫৪ পয়েন্ট। নতুন চালু হওয়া সূচক ডিএসইএক্স দিনের শেষে প্রায় ২৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ২৭১ পয়েন্ট। এদিন ২৭৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৮৩টিরই দাম বেড়েছে, কমেছে ৭৬টির আর অপরিবর্তিত ছিল ১৭টির দাম। সেই সঙ্গে লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ২০ কোটি টাকা বেড়েছে।এদিকে ডিএসইর সূচকে গতকাল সর্বাধিক ঋণাত্মক প্রভাব ফেলেছে টেলিকম খাতের কোম্পানি গ্রামীণফোন। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম এক টাকা ৪০ পয়সা কমেছে। এ কারণে সূচক ঋণাত্মক হয়েছে শূন্য দশমিক ১৭ শতাংশ। কোম্পানিটি ২০১২ সালের আর্থিক বছর শেষে শেয়ারধারীদের ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দেয়। ডিএসইর ওয়েবসাইট ও কয়েকটি সংবাদপত্রে গতকাল এই লভ্যাংশের খবর প্রকাশিত হয়। কোম্পানির লভ্যাংশ ঘোষণার নেতিবাচক প্রভাব দেখা গেছে শেয়ারের দামে। দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্যসূচক গতকাল ৮৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৩৭৭ পয়েন্ট। সেখানকার বাজারে এদিন ১৯৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১২৭টির দাম বেড়েছে, কমেছে ৫৭টির আর অপরিবর্তিত ছিল ১৫টির দাম। দিনের শেষে সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৫০ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে এক কোটি টাকা বেশি।