প্রধান বিরোধী দল বিএনপির ডাকা হরতালের প্রভাব পড়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। ফলে আজ বেশির ভাগ শেয়ারের দাম ও আর্থিক লেনদেন কমেছে। তবে সাধারণ সূচক কিছুটা বেড়েছে। বিভিন্ন ব্রোকারেজ হাউসে অন্যান্য দিনের তুলনায় বিনিয়োগকারীদের উপস্থিতি কিছুটা কম ছিল।ডিএসই সূত্রে জানা যায়, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট ২৩০টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১০৯টির, কমেছে ১১৭টির এবং অপরিবর্তিত রয়েছে মোট চারটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।এদিকে সাধারণ সূচকের ঊর্ধ্বগতির মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। দুপুর ১২টা নাগাদ সূচক প্রায় ৮০ পয়েন্ট বেড়ে যায়। তবে দুপুর ১২টার পর সূচকের নিম্নগতি দেখা যায়। বিকেল তিনটায় লেনদেন শেষ হওয়ার আগ পর্যন্ত সাধারণ মূল্যসূচক ৩ দশমিক ০৩ পয়েন্ট বেড়ে ৮৬০২ দশমিক ৪৪ পয়েন্টে দাঁড়ায়।আজ ডিএসইতে মোট এক হাজার ৯২২ কোটি টাকার কিছু বেশি লেনদেন হয়েছে, তবে এই লেনদেন গতকালের চেয়ে প্রায় ৩৫৫ কোটি টাকা কম।আজ লেনদেনে শীর্ষ ১০টি প্রতিষ্ঠান হলো—ইউসিবিএল, শাহজালাল ইসলামী ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, প্রাইম ফিন্যান্স, এনসিসি ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, এবি ব্যাংক, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্স সার্ভিসেস, পূবালী ব্যাংক ও বিচ হ্যাচারিজ।আজ সবচেয়ে বেশি বেড়েছে সিনোবাংলা ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম। এ ছাড়া বিচ হ্যাচারিজ, মেঘনা কনডেনসড মিল্ক, কাশেম ড্রাইসেলস, ইমাম বাটন, মেঘনা পেট্রলিয়াম, হক্কানি পাল্প অ্যান্ড পেপার, কেয়া ডিটারজেন্ট, ঢাকা ইন্স্যুরেন্স ও ফু-ওয়াং সিরামিক দর বৃদ্ধিতে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে।আজ সবচেয়ে বেশি কমেছে মুন্নু স্টাফলার শেয়ারের দাম। এ ছাড়া বিএসসি, সাভার রিফ্রেটারিজ, গ্রামীণ ১ স্কিম ২, ইস্টার্ন লুব্রিকেন্টস, লিব্রা ইনফিউশন, অষ্টম আইসিবি, প্রথম জনতা মিউচুয়াল ফান্ড, এইমস প্রথম মিউচুয়াল ফান্ড ও আইএফআইসি প্রথম মিউচুয়াল ফান্ড দর কমে যাওয়া শীর্ষ ১০ প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে।আজ ডিএসইর বাজার মূলধন ৩,৫৯,৮৩২ কোটি টাকা।