ডিএসইতে বেশির ভাগ শেয়ারের দাম বেড়েছে
সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় আজ বৃহস্পতিবার শুরু থেকে লেনদেন চলছে ঢাকার শেয়ারবাজারে। দুপুর সোয়া ১২টায় লেনদেনের পৌনে দুই ঘণ্টা শেষে ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এর ফলে সূচক বেড়েছে। একই সঙ্গে লেনদেনেও ঊর্ধ্বগতি লক্ষ করা গেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, দুপুর সোয়া ১২টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ৪৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪,৬৮৯ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়, যা অব্যাহত আছে।
এই সময়ে ডিএসইতে ২৮২ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৮৪টির দাম বেড়েছে, কমেছে ৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এ সময় পর্যন্ত ডিএসইতে ৩২৬ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।
আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে লংকাবাংলা ফিন্যান্স, পদ্মা অয়েল, স্কয়ার ফার্মা, লাফার্জ সুরমা সিমেন্ট, অ্যাকটিভ ফাইন, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, মেঘনা পেট্রোলিয়াম, কনফিডেন্স সিমেন্ট, গ্রামীণফোন, ইউসিবিএল প্রভৃতি।