ডিএসইতে ব্যাপক দরপতনে বিনিয়োগকারীদের বিক্ষোভ, সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার লেনদেনের শুরুতে ব্যাপক দরপতন হয়। এতে বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা মতিঝিলের শাপলা চত্বর-সায়েদাবাদ সড়ক দুই ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ দেখান। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে পুলিশ বিক্ষোভকারীদের লাঠিপেটা করে। পরে ডিএসইর কর্মকর্তারা বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠকে বসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিনিয়োগকারীরা এভাবে দরপতনের জন্য শেয়ার কেনাবেচা-সম্পর্কিত এসইসির একটি সার্কুলারকে দায়ী করেন, যা গতকাল জারি করা হয়। তবে আজ আবার সেটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত দুদিনের মতো আজও শুরুতে ডিএসইতে সব শেয়ারের দর পড়ে যেতে থাকে। এক ঘণ্টা পার হতে না হতেই দুপুর ১২টা পাঁচ মিনিটে সাধারণ মূল্যসূচক ৪১৯ পয়েন্ট কমে যায়। এতে বিনিয়োগকারীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা দুপুর ১২টা ১০ মিনিটে ডিএসইর সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় তাঁরা দুটি প্রাইভেটকার ভাঙচুর করেন। দুপুর সোয়া ১২টার দিকে সাধারণ সূচক প্রায় সাড়ে ৫০০ পয়েন্ট নেমে যায়। এতে আরও বিক্ষুব্ধ হয়ে ওঠেন বিনিয়োগকারীরা। তাঁরা মতিঝিলের শাপলা চত্বর থেকে ইত্তেফাক মোড় পর্যন্ত অবরোধ করে বিক্ষোভ মিছিল করতে থাকেন। দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। এ সময় কয়েকজন বিনিয়োগকারী ডিএসইর মূল ভবনে ঢুকতে চেষ্টা করেন। ব্যর্থ হয়ে তাঁরা সেখানে ইটপাটকেল নিক্ষেপ করেন। দুপুর একটার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের ধাওয়া করে। পুলিশ সমবায় ব্যাংক ভবনের ভেতরে ঢুকে কয়েকজনকে লাঠিপেটা করে। এ সময় বিক্ষোভকারীরা পিছু হটে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকে। সোয়া একটার দিকে বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা একসঙ্গে জড়ো হয়ে ডিএসইর সামনের রাস্তায় বসে পড়েন। পুলিশ তাঁদেরকে সরানোর চেষ্টা করলে বিনিয়োগকারীদের সঙ্গে পুলিশের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে দুপুর দুইটার দিকে ডিএসইর কর্মকর্তারা বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনায় বসতে চাইলে বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নিয়ে ডিএসইর মূল ভবনের সামনে অবস্থান নেন।দুপুর সোয়া দুইটার দিকে ডিএসইর ঊর্ধ্বতন কর্মকর্তারা কয়েকজন বিনিয়োগকারীর সঙ্গে আলোচনায় বসেন। আলোচনা শেষে ডিএসইর প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জহুরুল আলম সাংবাদিকদের বলেন, ‘হঠাত্ করে এত বেশি দরপতন একটি অস্বাভাবিক ঘটনা। আমরা বিনিয়োগকারীদের সঙ্গে কথা বলে তাঁদের অভিযোগগুলো শুনেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।’ তবে কী কারণে এমন হয়েছে তা এখন নির্দিষ্ট করে বলা যাচ্ছে না বলে তিনি জানান।বিনিয়োগকারী সাজ্জাদ, জনি, মনির, রাজু ও আবদুল আলীম জানান, আজ হঠাত্ করে সাধারণ সূচক ৫০০ পয়েন্টের বেশি কমে যাওয়ায় তাঁদের পোর্টফোলিও প্রায় অর্ধেকে নেমে আসে। এ কারণে তাঁরা বিক্ষোভ করতে বাধ্য হন। তাঁরা আরও জানান, বাজারকে তার নিজস্ব গতিতে চলতে দেওয়া উচিত। কোনো প্রকার হস্তক্ষেপ করা ঠিক নয়।এ ব্যাপারে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান জিয়াউল হক খোন্দকার সাংবাদিকদের বলেন, হঠাত্ করে এত বেশি সূচক কমে যাওয়ার বিষয়টি নজিরবিহিন ও অস্বাভাবিক। তিনি বলেন, ‘এ বিষয়টি আমি খতিয়ে দেখব।’ তিনি আরও বলেন, ‘আমরাও একটি দীর্ঘমেয়াদি ও টেকসই বাজার চাই। এ ক্ষেত্রে বিনিয়োগকারীদের যেকোনো ঝুঁকি এড়াতে বুঝেশুনে বিনিয়োগ করতে হবে।’বাজার পরিস্থিতি: আজ দিন শেষে ডিএসইর সাধারণ সূচক ১৩৪ দশমিক ২৮ পয়েন্ট কমে ৮৪৫১ দশমিক ৫৯ পয়েন্টে দাঁড়িয়েছে। আজ লেনদেন হওয়া ২৩১টি প্রতিষ্ঠানের মধ্যে শেষ পর্যন্ত দাম বেড়েছে ৫৮টির, কমেছে ১৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে পাঁচটির। ডিএসইতে আজ মোট এক হাজার ৯৬৯ কোটি টাকার লেনদেন হয়েছে।