ডিএসইতে ভোট গ্রহণ শেষ, গণনা চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শেয়ারধারী পরিচালক নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে। এখন চলছে গণনা।

আজ বুধবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পরে বিকেল পাঁচটার দিকে ভোট গণনা শুরু হয়। নির্বাচনে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখান থেকে চারজনকে নির্বাচিত করা হবে।

নির্বাচনে ছয় প্রার্থী হলেন ডিএসইর সাবেক সভাপতি শাকিল রিজভী, বর্তমান জ্যেষ্ঠ সহসভাপতি মোহাম্মদ শাহজাহান, বর্তমান পরিচালক আহমেদ রশীদ লালী ও শরীফ আনোয়ার হোসেন, সাবেক পরিচালক খাজা গোলাম রসুল ও লাইলুন নাহার ইকরাম।

ডিএসই সূত্রে জানা যায়, স্টক এক্সচেঞ্জের মালিকানা থেকে ব্যবস্থাপনা পৃথককরণ বা ডিমিউচুয়ালাইজেশনের পর এটাই প্রথম নির্বাচন। এবারের নির্বাচনে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখান থেকে নির্বাচিত চারজন পরবর্তী পরিচালনা পর্ষদের সদস্য হবেন।

ডিমিউচুয়ালাইজেশন আইন অনুযায়ী ডিএসইর পরিচালনা পর্ষদে ১৩ জন পরিচালক থাকবেন। এর মধ্যে সাতজনই স্বতন্ত্র পরিচালক। বাকি ছয়জনের মধ্যে চারজন শেয়ারধারীদের মধ্য থেকে। এ ছাড়া একজন কৌশলগত বিনিয়োগকারী পরিচালক ও একজন প্রধান নির্বাহী কর্মকর্তা।