ডিএসইতে মূল্য সংশোধন, সূচক কমেছে ১৪৭ পয়েন্ট
বেশ কয়েক দিন অব্যাহত চাঙাভাবের পর আজ সোমবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সংশোধন হয়েছে। এর ফলে সাধারণ সূচক, বেশিরভাগ শেয়ারের দাম, আর্থিক লেনদেন ও বাজারমূলধন কমেছে।বাজার বিশ্লেষকেরা মনে করছেন, বাজারে স্থিতিশীলতা আনতে মূল্য সংশোধনের প্রয়োজন ছিল। কেননা অব্যাহতভাবে শেয়ারের দাম বাড়ার ফলে সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হতে পারেন। এদিক থেকে মূল্য সংশোধন বাজারের জন্য একটি ইতিবাচক দিক।ডিএসই সূত্রে জানা যায়, চাঙাভাবের মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। দুপুর ১২টার দিকে সাধারণ সূচক নয় হাজারের মাইলফলক অতিক্রম করে। কিন্তু এর পর থেকে বেশির ভাগ শেয়ারের দাম কমতে শুরু করে। একই সঙ্গে সাধারণ সূচকের তীর নিম্নগামী হতে থাকে। বিকেল তিনটায় লেনদেন শেষ হওয়ার আগ পর্যন্ত সাধারণ সূচক এক দশমিক ৬৪ শতাংশ বা ১৪৭ দশমিক ১০ পয়েন্ট কমে আট হাজার ৭৭১ দশমিক ৪১ পয়েন্টে দাঁড়ায়। আজ ডিএসইতে মোট ২৪৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে দাম কমেছে ১৮১টির আর বেড়েছে ৬৩টির।আজ মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় দুই হাজার ৭১০ কোটি টাকা, যা গতকালের চেয়ে ৫৩৯ কোটি টাকা কম।এদিকে খাত অনুযায়ী বিশ্লেষণ করলে দেখা যায়, আজ মিউচুয়াল ফান্ড খাতের ৩১টি প্রতিষ্ঠানের মধ্যে ২৮টির দাম বাড়ে। তবে অন্যান্য খাতগুলোয় দরপতন ঘটে।আজ লেনদেনে শীর্ষ ১০টি প্রতিষ্ঠান হলো: তিতাস গ্যাস, বেক্সিমকো, এবি ব্যাংক, ইউসিবিএল, সাউথইস্ট ব্যাংক, সিটি ব্যাংক, প্রাইম ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, ইসলামী ব্যাংক ও এসপি সিরামিক।আজ সবচেয়ে বেশি বেড়েছে ন্যাশনাল টিউবসের শেয়ারের দাম। এ ছাড়া ফার্মাএইড, আইসিবি ইসলামিক ব্যাংক, আইসিবি এএমসিএল প্রথম মিউচুয়াল ফান্ড, ফিনিক্স ফিন্যান্স প্রথম মিউচুয়াল ফান্ড, আফতাব অটোমোবাইল, ডেসকো, তিতাস গ্যাস, ইসলামী ইনস্যুরেন্স ও আইএফআইসি প্রথম মিউচুয়াল ফান্ড দাম বেড়ে যাওয়া শীর্ষ ১০ প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে।আজ সবচেয়ে বেশি কমেছে আজিজ পাইপের শেয়ারের দাম। এ ছাড়া দেশ গার্মেন্টস, তাল্লু স্পিনিং, স্ট্যান্ডার্ড সিরামিক, সিএমসি কামাল, এমবি ফার্মা, রিপাবলিক ইনস্যুরেন্স, সোনালী আঁশ, প্রভাতী ইনস্যুরেন্স ও প্যারামাউন্ট ইনস্যুরেন্স দাম কমে যাওয়া শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে।আজ ডিএসইর বাজার মূলধন তিন লাখ ৬৩ হাজার ২৭০ কোটি টাকা।