ডিএসইতে মে মাসে বিদেশি বিনিয়োগ কমেছে ৭৮ শতাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এপ্রিলের তুলনায় মে মাসে নিট বিদেশি বিনিয়োগ প্রায় ৭৮ শতাংশ কমেছে। আজ রোববার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই সূত্রে জানা যায়, গত মে মাসে বিদেশি বিনিয়োগকারীরা ডিএসইতে মোট ৫৭৭ কোটি টাকার লেনদেন করেছেন। এর মধ্যে শেয়ার কিনেছেন ৩৫৩ কোটি টাকার। আর শেয়ার বিক্রি করেছেন ২২৪ কোটি টাকার। এ হিসাবে মে মাসে ডিএসইতে নিট বিদেশি বিনিয়োগ হয়েছে ১২৮ কোটি টাকা।
গত এপ্রিলে ডিএসইতে নিট বিদেশি বিনিয়োগ হয়েছিল ৫৭২ কোটি টাকা। অর্থাত্ এপ্রিলের তুলনায় মে মাসে ৭৭ দশমিক ৬২ শতাংশ নিট বিদেশি বিনিয়োগ কমেছে।
গত জানুয়ারিতে ডিএসইতে নিট বিনিয়োগ হয়েছিল ২৭৮ কোটি টাকা। ফেব্রুয়ারি ও মার্চে যথাক্রমে ১২১ কোটি ও ৯৭ কোটি টাকা নিট বিনিয়োগ হয়েছিল।
এ বিষয়ে জানতে চাইলে ডিএসইর সাবেক সভাপতি ও বর্তমান পরিচালক মো. শাকিল রিজভী বলেন, বাজারে লেনদেনের পরিমাণ বেশি থাকলে বিদেশি বিনিয়োগকারীরা বেশি আকৃষ্ট হন। গত মাসে ডিএসইর লেনদেনের পরিমাণ অনেক কমে গেছে। এতে বিদেশি বিনিয়োগকারীরাও কম আকৃষ্ট হয়েছেন। তাই তাই তাঁদের নিট বিনিয়োগও কমে গেছে।
অভ্যন্তরীণ বিনিয়োগ বাড়লে বিদেশি বিনিয়োগকারীরা আকৃষ্ট হবেন বলেন মনে করেন ডিএসইর এই পরিচালক। তিনি বলেন, গত কয়েক দিন ধরে ডিএসইতে ৩০০ কোটি টাকার ওপরে লেনদেন হচ্ছে। এতে বোঝা যায়, অভ্যন্তরীণ বিনিয়োগ তুলনামূলক বেশি হচ্ছে। এভাবে লেনদেন বাড়লে বিদেশি বিনিয়োগকারীরাও আকৃষ্ট হবেন।