ডিএসইতে রেকর্ড: ২৮০১ কোটি টাকার লেনদেন
ঢাকার শেয়ারবাজারে (ডিএসই) আজ বৃহস্পতিবার রেকর্ড পরিমাণ আর্থিক লেনদেন হয়েছে। এ ছাড়া মোট লেনদেনের পরিমাণ, সাধারণ সূচক, মোট হাওলা ও বাজারমূলধনেও তৈরি হয়েছে নতুন রেকর্ড।আজ শেয়ারবাজারে মোট দুই হাজার ৮০১ কোটি টাকার ১৫ কোটি ৩০ লাখ ২৪ হাজার ৯৪০টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৩৬৫ কোটি টাকা বেশি। মোট হাওলা হয়েছে তিন লাখ ৭৩ হাজার ৭৯৩টি। এ ছাড়া সাধারণ মূল্যসূচক ৬৭ দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৭৪৮০ দশমিক ৩৩ পয়েন্টে।তবে আজ শেয়ারবাজারে লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। মোট ২৪১টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে, যার মধ্যে দাম বেড়েছে ৮৮টির, কমেছে ১৪৯টির এবং অপরিবর্তিত আছে চারটির।লেনদেনে শীর্ষ পাঁচটি প্রতিষ্ঠান হলো—সামিট পাওয়ার, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্স সার্ভিসেস, দ্য প্রিমিয়ার ব্যাংক, এক্সিম ব্যাংক ও বেক্সিমকো।আজ সবচেয়ে বেশি বেড়েছে সাফকো স্পিনিংয়ের শেয়ারের দাম। এ ছাড়া তাল্লু স্পিনিং, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, স্টান্ডার্ড ব্যাংক ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক দাম বাড়ার শীর্ষ পাঁচটি প্রতিষ্ঠান।এ ছাড়া দাম কমে যাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষ পাঁচটি হলো— গোল্ডেন সন, এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ড, অ্যাপেক্স ওয়েভিং, সাভার রিফ্রাক্টরিজ ও দেশ গার্মেন্টস।আজ ডিএসইর বাজারমূলধন ৩,২৪,৩৯৬ কোটি টাকা হয়েছে, যা ডিএসইতে সর্বোচ্চ।