ডিএসইতে রোববার শুরু হবে এমজেএলের লেনদেন
আগামী রোববার থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এমজেএল বাংলাদেশ লিমিটেডের শেয়ারের লেনদেন শুরু হবে। প্রতিষ্ঠানটি আজ বুধবার ডিএসইতে তালিকাভুক্ত হয়েছে। ডিএসইর প্রকাশনা ও জনসংযোগ বিভাগের উপমহাব্যবস্থাপক শফিকুর রহমান এ কথা জানিয়েছেন। ১ জুন এমজেএল বাংলাদেশ লিমিটেডকে তালিকাভুক্তির সিদ্ধান্ত নেয় ডিএসই কর্তৃপক্ষ। ডিএসইর পরিচালনা পর্ষদের সভায় তালিকাভুক্তির এ সিদ্ধান্ত নেওয়া হয়।ওই দিন এক প্রেসব্রিফিংয়ে ডিএসইর সভাপতি শাকিল রিজভী বলেন, এমজেএলের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির শেয়ারের প্রস্তাবিত মূল্য ১৫২ টাকা ৪০ পয়সার স্থলে ১১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ক্ষেত্রে বাকি ৩৭ টাকা ৪০ পয়সা প্রাথমিক বিনিয়োগকারীদের রিফান্ড ওয়ারেন্ট হিসেবে প্রদান করতে হবে। এর পরিপ্রেক্ষিতে সভায় বিনিয়োগকারীদের বৃহত্ স্বার্থে ডিএসইর পরিচালনা পর্ষদের সর্বসম্মতিক্রমে প্রতিষ্ঠানটি তালিকাভুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়।প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ইতিমধ্যে বিনিয়োগকারীদের ৩৭ টাকা ৪০ পয়সা রিফান্ড প্রদান সম্পন্ন হওয়ার পরিপ্রেক্ষিতে আজ তালিকাভুক্তি সম্পন্ন হয়।