ডিএসইতে লেনদেন আবারও ৫০০ কোটি টাকা ছাড়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় দেড় মাস পর দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন আবারও ৫০০ কোটি টাকা ছাড়িয়েছে।
টানা ৮৪ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনে গতকাল সোমবার ডিএসইতে প্রায় ৫০৪ কোটি টাকার লেনদেন হয়। এর আগে সর্বশেষ গত ২৩ সেপ্টেম্বর ডিএসইতে ৫২১ কোটি টাকার লেনদেন হয়েছিল।
লেনদেন ৫০০ কোটি ছাড়ালেও এদিন ঢাকার বাজারে মূল্যসূচক কমেছে। দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে চার হাজার ১৯৯ পয়েন্টে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক ৪৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে প্রায় ১২ হাজার ৯৯৩ পয়েন্টে। সিএসইতেও গতকাল প্রায় চার মাসের ব্যবধানে সর্বোচ্চ লেনদেন হয়েছে। এদিন চট্টগ্রামের বাজারে লেনদেনের পরিমাণ ছিল ৬১ কোটি টাকা। এর আগে সর্বশেষ গত ১৮ জুলাই সিএসইতে ৬৭ কোটি টাকার লেনদেন হয়েছিল।
বাজারসংশ্লিষ্টরা বলছেন, কয়েক দিন টানা মূল্যবৃদ্ধির পর গতকাল ব্যাংকিং খাতের শেয়ারের কিছুটা মূল্য সংশোধন হয়েছে। আর এতেই সূচক দিন শেষে ঋণাত্মক ছিল।
জানতে চাইলে কসমোপলিটন ফিন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক মাশরিব জাহিদ প্রথম আলোকে বলেন, কয়েক দিনের ঊর্ধ্বগতির পর সোমবার বাজারে স্বাভাবিক মূল্য সংশোধন হয়েছে। স্বল্পকালীন মুনাফা তুলে নেওয়ার প্রবণতা থেকে এমনটি ঘটেছে। এ কারণে সূচক কমলেও লেনদেন ৫০০ কোটি টাকা ছাড়িয়েছে। এতে বোঝা যাচ্ছে, সূচক কমলেও বাজারে বিনিয়োগকারীদের ভালোই অংশগ্রহণ রয়েছে।
মাশরিব জাহিদ আরও বলেন, মূলত ব্যাংকিং খাতের শেয়ারের মূল্য সংশোধন সূচককে ঋণাত্মক করেছে। গত কিছুদিন ধরে ব্যাংকগুলোর শেয়ারের দাম বেড়েছে। এই অবস্থায় বিনিয়োগকারীদের একটি অংশ হয়তো গতকাল এ খাত থেকে মুনাফা তুলে নিয়েছে। পাশাপাশি এ খাতে নতুন করে বিনিয়োগও হয়েছে।
ঢাকার বাজারে গতকাল লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ছয়টিই ছিল ব্যাংক। এগুলো হলো—ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি), ওয়ান, ন্যাশনাল, মার্কেন্টাইল, আইএফআইসি ও সিটি ব্যাংক। এ ছয়টি ব্যাংকের সম্মিলিত লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৭০ কোটি টাকা।
ডিএসইতে গতকাল ২৯২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৪৮টিরই দাম বেড়েছে, কমেছে ১২৪টির আর অপরিবর্তিত ছিল ২০টির দাম। দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে ছয় কোটি টাকা বেড়েছে।
চট্টগ্রামের বাজারে ২২১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১১৬টিরই দাম বেড়েছে, কমেছে ৯০টির আর অপরিবর্তিত ছিল ১৫টির দাম। দিন শেষে লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে প্রায় আট কোটি টাকা বেড়েছে।