ডিএসইতে লেনদেন ও সূচক কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল রোববার লেনদেন ও মূল্যসূচক কমেছে। সপ্তাহের প্রথম কার্যদিবসে বাজারের এমন আচরণকে স্বাভাবিক মূল্য সংশোধন বলেই অভিহিত করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। যদিও এদিন মূল্যসূচকের ঊর্ধ্বগতি দিয়েই বাজারে লেনদেন শুরু হয়।জানতে চাইলে আইডিএলসি ইনভেস্টমেন্টসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, কয়েক দিনের কিছুটা মূল্যবৃদ্ধির পর গতকাল বাজারে কিছুটা মূল্য সংশোধন হয়েছে। যেসব খাতের মূল্যবৃদ্ধি হয়েছিল, সেসব খাত থেকে অনেকে মুনাফা তুলে নিয়েছেন। বর্তমান বাজারে এটাই স্বাভাবিক। মূল্য সংশোধন হলেও লেনদেনের পরিমাণ ভালোই ছিল। তাই সামান্য এই মূল্য সংশোধনে শঙ্কার কিছু নেই।দরপতন ঘটলেও ঢাকার বাজারে লেনদেনে আধিক্য ধরে রেখেছে বস্ত্র এবং বিদ্যুৎ ও জ্বালানি খাত। কসমোপলিটন ফিন্যান্সের প্রতিবেদন অনুযায়ী, ঢাকার বাজারে লেনদেনের শীর্ষে ছিল বস্ত্র খাত। এদিন এ খাতের ২৮ কোম্পানির সম্মিলিত লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৭৭ কোটি টাকা, যা ডিএসইর মোট লেনদেনের প্রায় ১৭ শতাংশ। লেনদেনে দ্বিতীয় অবস্থানে ছিল বিদ্যুৎ ও জ্বালানি খাত। এ খাতের ১৫টি কোম্পানির সম্মিলিত লেনদেনের পরিমাণ ছিল ৬৭ কোটি টাকা, যা ডিএসইর মোট লেনদেনের প্রায় ১৫ শতাংশ। গত কয়েক দিনে মূল্যবৃদ্ধি ও লেনদেনে এই দুটি খাত বেশ এগিয়ে ছিল। তাই দুটি খাতে মুনাফা তুলে নেওয়ার কিছুটা চাপ তৈরি হয়েছে—এমনটিই মনে করছেন বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা।এদিকে একক কোম্পানি হিসেবে গতকাল ডিএসইতে লেনদেনে শীর্ষে উঠে এসেছে ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস। এদিন কোম্পানিটির ২৭ কোটি টাকার লেনদেন হয়েছে, যা ডিএসইর মোট লেনদেনের প্রায় ৬ শতাংশ। দিন শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম পৌনে ২ শতাংশ বা দুই টাকা ১০ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ১২৫ টাকা ২০ পয়সায়।এর আগে কয়েক দিন এই অবস্থানে ছিল ভ্রমণ ও অবকাশ খাতের কোম্পানি ইউনাইটেড এয়ার। সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল সেটি দ্বিতীয় অবস্থানে নেমে এসেছে।ঢাকার বাজারের সাধারণ মূল্যসূচক এদিন প্রায় ২৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে চার হাজার ৩৭৪ পয়েন্টে। নতুন চালু হওয়া সূচক ডিএসইএক্স ১৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে চার হাজার ২৮৬ পয়েন্টে। ডিএসইতে গতকাল ২৭৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৭১টির দাম কমেছে, বেড়েছে ৭২টির আর অপরিবর্তিত ছিল ৩১টির দাম। দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৪৫৪ কোটি টাকা, যা আগের কার্যদিবসের চেয়ে ৯৮ কোটি টাকা কম।অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৩৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৪৪৭ পয়েন্টে। এদিন সিএসইতে ১৯২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৩৬টির দাম কমেছে, বেড়েছে ৪০টির আর অপরিবর্তিত ছিল ১৬টির দাম। দিন শেষে সেখানকার বাজারে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৪৬ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ১২ কোটি টাকা কম।