ডিএসইতে লেনদেন তিন হাজার কোটি টাকা অতিক্রমের রেকর্ড
মাত্র এক কর্মদিবসের ব্যবধানে গতকাল রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনের পরিমাণ ও মূল্যসূচক অতীতের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে।ডিএসইতে গতকাল মোট লেনদেন হয়েছে তিন হাজার ২০৮ কোটি ৯১ লাখ টাকার শেয়ার। স্টক এক্সচেঞ্জটির ইতিহাসে এখন পর্যন্ত এটিই হচ্ছে কোনো একদিনে সর্বোচ্চ লেনদেন। এর আগে গত বৃহস্পতিবার ডিএসইতে দুই হাজার ৯৪৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। ডিএসইর সাধারণ মূল্যসূচক গতকাল ২০ পয়েন্টের কিছু বেশি বেড়ে সাত হাজার ৯৫৭ পয়েন্টে উন্নীত হয়েছে। তবে গতকাল লেনদেনের শুরুর দিকেই ডিএসইর সার্বিক মূল্যসূচক প্রথমবারের মতো আট হাজার পয়েন্ট অতিক্রম করে।গতকাল ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪২ কোম্পানির শেয়ার। এর মধ্যে আগের চেয়ে দাম বেড়েছে ৭৯টির, কমেছে ১৬০টির ও অপরিবর্তিত ছিল তিনটি কোম্পানির শেয়ারের।এদিকে শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি চিটাগাং ভেজিটেবল ও ফার্মা এইডের শেয়ারের দাম গতকাল রোববার অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ার কারণ খতিয়ে দেখবে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। গতকাল এসইসির বাজার পর্যালোচনা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত ফার্মা এইডের শেয়ারের লেনদেন স্থগিত রাখার নির্দেশ দিয়েছে এসইসি। এসইসির সিদ্ধান্ত অনুযায়ী গত এক মাসে যেসব বিনিয়োগকারী চিটাগাং ভেজিটেবলের শেয়ার কিনেছেন, তাঁদের প্রত্যেকের হিসাব বিবরণী এসইসিতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। গতকালই এই তালিকা পাঠানোর কথা।