ডিএসইতে লেনদেন ফের ৮০০ কোটি টাকার বেশি
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আবার লেনদেন ৮০০ কোটি টাকা ছাড়িয়েছে। দিনের শেষে গতকাল বুধবার ডিএসইতে ৮৩৫ কোটি টাকার লেনদেন হয়েছে। চলতি বছরের মধ্যে এটি এখন পর্যন্ত সর্বোচ্চ লেনদেন। সেই সঙ্গে গত দুই মাসের মধ্যেও ঢাকার বাজারের সর্বোচ্চ লেনদেনের রেকর্ডও এটি। এর আগে সর্বশেষ গত বছরের ২০ নভেম্বর ডিএসইতে ৮৮৯ কোটি টাকার লেনদেন হয়েছিল।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল ৭২ কোটি টাকা লেনদেন হয়েছে। চলতি বছরের পাশাপাশি গত এক মাসের মধ্যে এটিই সেখানকার বাজারে সর্বোচ্চ লেনদেন। এর আগে গত বছরের ২৩ ডিসেম্বর সিএসইতে ১৬০ কোটি টাকার লেনদেন হয়েছিল।
জানতে চাইলে আইডিএলসি ইনভেস্টমেন্টসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, নির্বাচন-পরবর্তী সময়ে আপাতত দেশের রাজনৈতিক পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হয়েছে। আর এই স্থিতিশীলতার কারণে বিনিয়োগকারীদের মধ্যে একধরনের ‘আবেগপ্রবণ প্রত্যাশা’ তৈরি হয়েছে। সেই প্রত্যাশার ইতিবাচক প্রভাব পড়েছে বাজারে।
ঢাকার বাজারে এদিন লেনদেনের শীর্ষ পাঁচ কোম্পানির তালিকায় ছিল যথাক্রমে পদ্মা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম, অ্যাকটিভ ফাইন, স্কয়ার ফার্মা ও লঙ্কাবাংলা ফিন্যান্স। এদিন ডিএসইতে এই পাঁচ কোম্পানির সম্মিলিত লেনদেনের পরিমাণ ছিল প্রায় ১১৪ কোটি টাকা; যা ডিএসইর মোট লেনদেনের প্রায় ১৪ শতাংশ।
লেনদেনের পাশাপাশি এদিন মূল্য বৃদ্ধির শীর্ষ পাঁচ কোম্পানির তালিকায় ছিল যথাক্রমে ডাচ্-বাংলা ব্যাংক, এএমসিএল (প্রাণ), মুন্নু সিরামিক, পিপলস লিজিং ও ন্যাশনাল পলিমার।
ঢাকার বাজারে এদিন ২৯৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৯১টিরই দাম বেড়েছে, কমেছে ৮৩টির আর অপরিবর্তিত ছিল ২১টির দাম। দিনের শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৫৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৬৪১ পয়েন্টে। লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ১২৪ কোটি টাকা বেড়েছে।
সিএসইতে এদিন ২৩২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। এর মধ্যে ১৫৯টিরই দাম বেড়েছে। দিনের শেষে সিএসইর সার্বিক সূচক প্রায় ১৯১ পয়েন্ট বেড়ে হয়েছে ১৪ হাজার ৩৮৪ পয়েন্ট।