ডিএসইতে লেনদেন বেড়ে দ্বিগুণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত সপ্তাহ শেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব কটি সূচকই ছিল ঊর্ধ্বমুখী। সপ্তাহ শেষে ডিএসইর লেনদেন আগের সপ্তাহের চেয়ে বেড়ে দ্বিগুণ হয়েছে। গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ ছিল প্রায় চার হাজার ২৪২ কোটি টাকা। আগের সপ্তাহের চেয়ে এর পরিমাণ এক হাজার ৩৪৬ কোটি টাকা বা প্রায় ৪৬ শতাংশ বেশি।একই সঙ্গে দৈনিক গড় লেনদেনের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৮৪৮ কোটি টাকা। এর আগের সপ্তাহে যার পরিমাণ ছিল ৫৭৯ কোটি টাকা।বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, লেনদেন বৃদ্ধির প্রবণতা বাজারের জন্য বেশ ইতিবাচক। লেনদেনের এই ধারা অব্যাহত থাকলে ধীরে ধীরে বাজার তার নিজের গতি ফিরে পাবে।জানতে চাইলে বেসরকারি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিজনেস অনুষদের শিক্ষক মোহাম্মদ মূসা প্রথম আলোকে বলেন, মাঝে এক-দুই বছরের ব্যতিক্রম বাদ দিলে দীর্ঘদিন ধরেই দেখা যাচ্ছে, জুন থেকে জুলাই মাসের মাঝামাঝি সময় পর্যন্ত দেশের শেয়ারবাজার কিছুটা ঊর্ধ্বমুখী থাকে। বাজেটকে কেন্দ্র করেই এমনটি ঘটে। এবারও একই আচরণ দেখা যাচ্ছে। লেনদেনের গতি দেখে মনে হচ্ছে, বাজারে একটা শক্তি রয়েছে। প্রকৃত ক্রেতার সংখ্যা বেড়েছে।ঢাকার বাজারের প্রধান সূচক ডিএসইএক্স গত সপ্তাহ শেষে ১৩৪ পয়েন্ট বা ৩ দশমিক ২৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ২১৪ পয়েন্টে। সাধারণ সূচক ১৩০ পয়েন্ট বেড়ে হয়েছে চার হাজার ৪৩০ পয়েন্ট। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে বেশির ভাগেরই দাম বেড়েছে।গত সপ্তাহে ডিএসইতে ২৯৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে দাম বেড়েছে ১৬০টির, কমেছে ১১৯টির আর অপরিবর্তিত ছিল ১৬টির দাম। মোহাম্মদ মূসা বলেন, কয়েক দিনের মূল্যবৃদ্ধির পর সপ্তাহের শেষ কার্যদিবসে বাজারে কিছুটা মূল্য সংশোধন হয়েছে। ডিএসইর সাধারণ সূচক চার হাজার ৫০০ পয়েন্টের মনস্তাত্ত্বিক সীমার কাছাকাছি ঘুরপাক খাচ্ছে। এ কারণে বিনিয়োগকারীদের একটি অংশ মনে করছে, এই সীমা অতিক্রম করতে হয়তো কিছুটা সময়ক্ষেপণ হতে পারে। যাঁরা কৌশলী বিশ্লেষণে (টেকনিক্যাল এনালাইসিস) বিশ্বাস করেন, তাঁদের মধ্যে হয়তো এই ধারণা। তাই ওই পর্যায়ে গিয়ে বাজার আবার নিম্নমুখী হচ্ছে।মোহাম্মদ মূসা আরও বলেন, কৌশলী বিশ্লেষণ থেকে জানা যায়, যখন সূচক একেকটি প্রতিরোধ স্তর বা রেজিস্ট্যান্ট লেভেল অতিক্রম করে, তখন সেটি আরও ঊর্ধ্বমুখী হতে থাকে। তাই ডিএসইর সূচক এখন যে প্রতিরোধ সীমা আটকে আছে, সেটি অতিক্রম করবে কি না, তাই এখন দেখার বিষয়।লেনদেনের দিক থেকে গত সপ্তাহে ঢাকার বাজারে শীর্ষে ছিল বাংলাদেশ সাবমেরিন কেব্ল। সপ্তাহের পাঁচ কার্যদিবসে কোম্পানিটির প্রায় ২১৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। এক সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির লেনদেন বেড়েছে প্রায় ২৫ শতাংশ।গত সপ্তাহে ডিএসইতে নতুন দুটি কোম্পানির লেনদেন শুরু হয়েছে। সেগুলো হলো ফ্যামিলিটেক্স ও জেএমআই সিরিঞ্জ। এদের মধ্যে লেনদেনের প্রথম দিনেই ফ্যামিলিটেক্সের প্রতিটি শেয়ারের দাম প্রায় ৪০০ শতাংশ বেড়েছিল।