ডিএসইতে লেনদেন শুরু নতুন দুই কোম্পানির
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল সোমবার থেকে আরও নতুন দুটি কোম্পানির শেয়ারের লেনদেন শুরু হয়েছে।কোম্পানি দুটি হলো, বস্ত্র খাতের কোম্পানি জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং খাদ্য খাতের কোম্পানি রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিটেড।লেনদেন শুরুর আগে ডিএসই ও কোম্পানি দুটির মধ্যে তালিকাভুক্তির আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়। এর ফলে ডিএসইতে বস্ত্র খাতের কোম্পানির সংখ্যা বেড়ে ২৫টিতে এবং খাদ্য খাতের কোম্পানির সংখ্যা বেড়ে ১৬টিতে দাঁড়িয়েছে।প্রথম দিনে ডিএসইতে কোম্পানি দুটির প্রায় ১৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে জাহিনটেক্স ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় ছিল।দিন শেষে কোম্পানি দুটির শেয়ারের দাম প্রায় ২১ টাকা করে বেড়েছে। ১০ টাকা অভিহিত মূল্যের (ফেসভ্যালু) সঙ্গে ১৫ টাকা প্রিমিয়াম যোগ করে জাহিনটেক্স লিমিটেডের প্রতিটি শেয়ারের বিক্রয়মূল্য ছিল ২৫ টাকা। ডিএসইতে এটির লেনদেন শুরু হয় ৩০ টাকায়। যদিও দিন শেষে এটির দাম ২১ টাকা ১০ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ টাকা ১০ পয়সায়।ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিক শেষে (জুলাই-সেপ্টেম্বর-১১) জাহিনটেক্স লিমিটেড শেয়ারপ্রতি আয় বা ইপিএস দেখানো হয়েছে এক টাকা ৪২ পয়সা।অন্যদিকে, ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে আট টাকা প্রিমিয়াম ধরে রংপুর ডেইরি ফুডের প্রতিটি শেয়ারের বিক্রয়মূল্য ছিল ১৮ টাকা। আর ডিএসইতে গতকাল এটির লেনদেন শুরু হয় ৩০ টাকায়। দিন শেষে এটির দাম ২১ টাকা বেড়ে হয়েছে ৩৯ টাকা। প্রথম প্রান্তিক শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস দেখানো হয়েছে ৭৩ পয়সা।