ডিএসইতে লেনদেন সাড়ে ১১টায়, ব্যাংকে গ্রাহক কম
১৮ দলীয় জোটের ডাকা অবরোধের কারণে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন এক ঘণ্টা পিছিয়েছে। আজ বেলা সাড়ে ১১টায় লেনদেন শুরু করার সিদ্ধান্ত নিয়েছে ডিএসই কর্তৃপক্ষ। কারিগরি সমস্যার কারণে লেনদেন এক ঘণ্টা পেছানো হয়েছে বলে ডিএসইর পক্ষ থেকে দাবি করা হয়েছে। এদিকে অবরোধের কারণে ব্রোকারেজ হাউসগুলো বিনিয়োগকারী শূন্য রয়েছে বলে একাধিক হাউস সূত্রে জানা গেছে।ডিএসইর প্রকাশনা ও জনসংযোগ বিভাগের উপমহাব্যবস্থাপক শফিকুর রহমান প্রথম আলো ডটকমকে জানান, কারিগরি সমস্যার কারণে ডিএসইর লেনদেন আজ এক ঘণ্টা পেছানো হয়েছে।তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেলা সাড়ে ১০টায় লেনদেন শুরু হয় বলে সিএসইর জনসংযোগ কর্মকর্তা সানজিদা পারভীন জানিয়েছে।এদিকে অবরোধের কারণে মতিঝিলের ব্যাংক পাড়ায় মানুষের উপস্থিতি অনেক কম লক্ষ করা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধের কারণে মতিঝিলের ব্যাংক পাড়ায় বিভিন্ন সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। তবে সড়কে কিছু রিকশা চলাচল করতে দেখা যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।এ ছাড়া বিভিন্ন সরকারি ও বেসরকরি ব্যাংকেও গ্রাহকদের উপস্থিতি অনেক কম বলে জানা গেছে। দি সিটি ব্যাংক লিমিটেডের মতিঝিল শাখার সহকারী কাস্টমার সার্ভিস ব্যবস্থাপক মো. এনামুল হক জানান, অফিসের কর্মকর্তা কর্মচারীরা নির্দিষ্ট সময়ে হাজির হলেও গ্রাহকদের উপস্থিতি তুলনামূলক অনেক কম। সকাল থেকে ওই অফিসের প্রধান দরজা খোলা হয়নি। বিকল্প দরজা দিয়ে যাতায়াত করে অনেকে নিজেদের কাজ সারছেন বলেও জানান তিনি।ডিএসইর সদস্য একটি ব্রোকারেজ হাউসের কর্মকর্তা অজিউল্লাহ জানান, তাঁদের হাউসে বিনিয়োগকারীদের উপস্থিতি একেবারেই কম। অবরোধের কারণে মাত্র দু-একজন গ্রাহক তাঁদের হাউসে এসেছেন।বাংলাদেশ সড়ক পরিবহণ করপোরেশনের (বিআরটিসি) মতিঝিল বাস ডিপোর ভারপ্রাপ্ত ব্যবস্থাপক মো. জামশেদ আলী জানান, এই ডিপো থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। তবে অভ্যন্তরীণ রুটে ২০-২৫টি বাস চলাচল করছে। সকাল সাড়ে নয়টার দিকে খিলগাঁও তালতলা থেকে মতিঝিল যাওয়ার পথে বিআরটিসির একটি দ্বিতল বাস ভাঙচুর করা হয় বলেও জানান তিনি।