ডিএসইতে লেনদেন সোয়া তিন বছরের মধ্যে সর্বনিম্ন
ঈদের আগে শেষ লেনদেন দিবসে দেশের শেয়ারবাজারে লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্য হারে কমে গেছে। দেশের প্রধান শেয়ারবাজার হিসেবে পরিচিত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল বৃহস্পতিবার সর্বসাকল্যে ১৮২ কোটি টাকার লেনদেন হয়েছে।চলতি বছরের ২০ জানুয়ারির অস্বাভাবিক লেনদেনের নজির বাদ দিলে এটি প্রায় সোয়া তিন বছরের মধ্যে সর্বনিম্ন। ২০ জানুয়ারি মাত্র পাঁচ মিনিটে ৬৮ কোটি টাকার শেয়ার হাতবদল হওয়ার পর লেনদেন বন্ধ করে দেওয়া হয়েছিল। এটি ছাড়া ২০০৮ সালের ৭ সেপ্টেম্বর ডিএসইতে ১৩০ কোটি টাকার লেনদেন হয়েছিল।তবে লেনদেন কমলেও ডিএসইর মূল্যসূচক ছিল কিছুটা মিশ্র। স্টক এক্সচেঞ্জটির সাধারণ সূচক সামান্য কমলেও বেড়েছে সব শেয়ার নিয়ে গঠিত ডিএসআই সূচক।ডিএসই সূত্রে জানা গেছে, সাধারণ মূল্যসূচক মাত্র শূন্য দশমিক ৪৪ পয়েন্ট কমে হয়েছে পাঁচ হাজার ২০৯ পয়েন্ট। অপর দিকে ডিএসআই সূচক ২ দশমিক ৬৩ পয়েন্ট বেড়ে চার হাজার ৩৫৫ পয়েন্ট ছাড়িয়েছে।অবশ্য চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৬৭ পয়েন্ট কমে ১৪ হাজার ৭৭৫ পয়েন্টে নেমে এসেছে। আর লেনদেন হয়েছে ২২ কোটি ৪১ লাখ ২১ হাজার কোটি টাকার শেয়ার।বাজার বিশ্লেষকেরা বলছেন, ঈদের আগে শেষ লেনদেন হওয়ায় অনেক বিনিয়োগকারীই শেয়ার বিক্রি করতে চাননি। কারণ, শেয়ার বিক্রি করলেও টানা নয় দিনের ছুটির কারণে লেনদেন নিষ্পত্তি হতে সময় লাগবে প্রায় ১৩ দিন। তার মানে, বিক্রিলব্ধ টাকা হাতে পেতে একজন বিনিয়োগকারীকে এ পর্যন্ত অপেক্ষা করতে হবে। আবার কেনার পর শেয়ার হাতে পেতেও প্রায় একই সময় লাগবে।এসব কারণে গতকাল বিনিয়োগকারীদের লেনদেনে খুব একটা আগ্রহ ছিল না। এ ছাড়া ঈদ উদ্যাপনের জন্য এরই মধ্যে অনেকেই ঢাকা ছেড়েছেন। সব মিলিয়েই গতকাল ছিল লেনদেনের ভাটার দিন।এসব ছাপিয়েও লেনদেন কমার পেছনে আরেকটি বড় কারণ হিসেবে দেখা দিয়েছে রেকর্ড ডেটের জন্য গতকাল বেশ কয়েকটি কোম্পানির শেয়ার কেনাবেচা বন্ধ থাকা। দুই স্টক এক্সচেঞ্জেই গতকাল তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি, এবি ব্যাংক, ইস্টার্ন হাউজিং, হেইডেলবার্গ সিমেন্ট, ইস্টার্ন ইনস্যুরেন্স, পাইওনিয়ার ইনস্যুরেন্সসহ ১৯টি কোম্পানির রেকর্ড ডেট ছিল।বার্ষিক সাধারণ সভা (এজিএম) বা শেয়ার বিভাজনের (স্প্লিট) প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠান উপলক্ষে শেয়ারধারীদের মনোনীত করতেই এসব রেকর্ড ডেটের আয়োজন।বিশ্লেষকদের মতে, সব মিলিয়ে শেয়ার ক্রয়-বিক্রয় প্রক্রিয়ার ধীরগতির কারণেই মূল্যসূচকেও অতি উল্লম্ফন বা অতি পতন দেখা যায়নি। এটি এক অর্থে ভালোই। কারণ বড় ধরনের পতন ঘটলে বিনিয়োগকারীদের আস্থা নষ্ট হতো, যার নেতিবাচক প্রভাব পড়ত ঈদের পরে। আবার খুব বেশি বাড়লেও অনেকে শেয়ার বিক্রি করতে উদ্বুদ্ধ হতেন, সেটিও বাজারের স্থিতিশীলতার জন্য ভালো হতো না।