ডিএসইতে লেনদেন হ্রাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা তিন কার্যদিবস দরপতনের পর দেশের দুই স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া বেশির ভাগ শেয়ারের দর বেড়েছে। সর্বশেষ গত বৃহস্পতিবার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (ডিএসই-সিএসই) এ ধারা দেখা গিয়েছিল। এরপরের তিন কার্যদিবস বাজার ছিল নিম্নমুখী। গতকাল বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে এসে ধারাবাহিক পতনের বৃত্ত থেকে বেরিয়ে আসে দেশের শেয়ারবাজার। তবে শেয়ারের দাম বাড়লেও ঢাকার বাজারে লেনদেন কমে গেছে। চট্টগ্রামে অবশ্য লেনদেন বেড়েছে। দিনশেষে ঢাকার বাজারে ৩৩৭ কোটি টাকার লেনদেন হয়, যা বিগত প্রায় আড়াই মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে সর্বশেষ ২৯ মে ডিএসইতে ৩৩১ কোটি টাকার লেনদেন হয়েছিল। অবশ্য রমজানের কারণে শেয়ারবাজারের লেনদেনের সময়সীমা বর্তমানে এক ঘণ্টা কমে গেছে। ধারাবাহিক দরপতনের কারণে বেশির ভাগ বিনিয়োগকারী নিষ্ক্রিয় হয়ে পড়ায় লেনদেন কমার মূল কারণ বলে মনে করছেন বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা। যোগাযোগ করা হলে সিএসই সভাপতি ফখরুদ্দিন আলী আহমেদ প্রথম আলোকে বলেন, ‘বাজারের বর্তমান পরিস্থিতিতে যেসব বিনিয়োগকারীর হাতে ভালো মৌলভিত্তির শেয়ার রয়েছে তাঁরা লোকসানে তা বিক্রি করতে চাইছেন না। এতে করে বাজারে দাম বাড়লেও বাজারে বিক্রেতা কম। এতে লেনদেনও কমে গেছে। বিনিয়োগকারীদের ভালো শেয়ার ধরে রাখার এই প্রবণতা বাজারের জন্য ইতিবাচক।’ ফখরুদ্দিন আরও বলেন, ‘আমাদের শেয়ারবাজারে বর্তমানে যেসব প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী রয়েছে প্রয়োজনের সময় বাজারে যথাযথ ভূমিকা পালন করছে না। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী হিসেবে নানা সুযোগ-সুবিধা পেলেও অনেক ক্ষেত্রেই এসব প্রতিষ্ঠান ক্ষুদ্র বিনিয়োগকারীদের মতো আচরণ করছে। এটি খুবই দুঃখজনক। তাই প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ওপর ভরসা না করে এখন বাজারে সাধারণ বিনিয়োগকারীর অংশগ্রহণ বাড়ানোর দিকে নজর দেওয়া দরকার।’ এদিকে পুঁজিবাজারের স্থিতিশীলতা ফিরিয়ে আনার দাবিতে গতকালও বাংলাদেশ বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে একদল বিনিয়োগকারী ডিএসই ভবনের সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন। গতকাল মূল্যসূচকের ঊর্ধ্বগতি দিয়ে সকাল সাড়ে ১০টায় ডিএসইতে লেনদেন শুরু হয়। দুপুর সোয়া ১২টার দিকে সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে প্রায় ১১১ পয়েন্ট বেড়ে ছয় হাজার ১৫৫ পয়েন্টে ওঠে। এটিই ছিল গতকাল ডিএসইতে সাধারণ মূল্যসূচকের সর্বোচ্চ অবস্থান। তবে দিনশেষে তা কিছুটা কমেছে। এদিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ সূচক আগের দিনের চেয়ে ৭৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ১১৮ পয়েন্টে। এই দিন ঢাকার বাজারে ২৫৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়। তার মধ্যে ২৩৬টির দাম বেড়েছে, কমেছে ২০টির আর অপরিবর্তিত ছিল দুটি কোম্পানির শেয়ারের দাম। চট্টগ্রামের শেয়ারবাজারের সার্বিক মূল্যসূচক গতকাল আগের দিনের চেয়ে ২২৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৪৪২ পয়েন্টে। সিএসইতে লেনদেন হওয়া ১৭৯টি কোম্পানির মধ্যে ১৫৭টিরই দাম বেড়েছে। কমেছে ১৮টির আর অপরিবর্তিত ছিল চারটি কোম্পানির শেয়ারের দাম। দিনশেষে সিএসইতে প্রায় ৫৩ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে প্রায় তিন কোটি টাকা বেশি।