ডিএসইতে লেনদেন ১২০০ কোটি ছাড়াল
দেশের পুঁজিবাজারে গতকাল রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে মূল্যসূচক ও লেনদেন দুই-ই বেড়েছে। দিন শেষে প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন এক হাজার ২০০ কোটি টাকা ছাড়িয়েছে। এর ফলে ডিএসইতে গতকাল সাড়ে আট মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে। এর আগে গত বছরের ৩১ জুলাই সর্বশেষ সর্বোচ্চ এক হাজার ৩৪১ কোটি টাকা লেনদেন হয়।অন্যদিকে গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে প্রায় ১০০ কোটি টাকার।বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ২০১০ সালের ডিসেম্বর থেকে শুরু হওয়া অব্যাহত দরপতনে বিনিয়োগকারীদের ক্রয়ক্ষমতা অনেক কমে গিয়েছিল। কয়েক দিন ধরে বাজার তুলনামূলকভাবে তেজি থাকায় বিনিয়োগকারীদের ক্রয়ক্ষমতা কিছুটা বেড়েছে। এর ফলে ওই সব বিনিয়োগকারী নতুন করে সক্রিয় হচ্ছেন।এ ছাড়া সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্দেশনা অনুযায়ী, আগামী ২১ মে পরিচালকদের ন্যূনতম শেয়ারধারণের সময়সীমা শেষ হচ্ছে। এ উপলক্ষে অনেক পরিচালক শেয়ার কেনা অব্যাহত রেখেছেন। এ বিষয়টিও বাজারে ইতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। গতকাল দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে ১২০ দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৪৬৪ দশমিক ১৬ পয়েন্টে দাঁড়িয়েছে।সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে গতকাল ডিএসইতে লেনদেন শুরু হয়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।ডিএসইতে গতকাল ২৬৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৫৭টির দাম বেড়েছে। কমেছে ৯৯টির আর অপরিবর্তিত রয়েছে আটটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে গতকাল এক হাজার ২০১ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গত বৃহস্পতিবারের চেয়ে ১২৩ কোটি টাকা বেশি।দিন শেষে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো: গ্রামীণফোন, বেক্সিমকো, মেঘনা পেট্রোলিয়াম, যমুনা অয়েল, তিতাস গ্যাস, স্কয়ার ফার্মা, আফতাব অটো, আরএন স্পিনিং, এমআই সিমেন্ট ও বেক্সিমকো ফার্মা।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক গতকাল ৩০৬ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৯৪১ দশমিক ১৫ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ১৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে ১২৩টির দাম বেড়েছে। কমেছে ৬১টির আর অপরিবর্তিত রয়েছে ১৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে গতকাল ৯৭ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গত বৃহস্পতিবারের চেয়ে সাত কোটি টাকা বেশি।