ডিএসইতে লেনদেন ২০০ কোটি ছাড়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) আজ বৃহস্পতিবার ২০০ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) গতকালের চেয়ে লেনদেন বেড়েছে। বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এর প্রভাবে সূচকও বেড়েছে।ডিএসই সূত্রে জানা যায়, আজ ডিএসইতে ২১১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৪৯ কোটি টাকা বেশি। এ দিকে আজকের লেনদেন চলতি বছরের মধ্যে সর্বোচ্চ। গত ৩০ ডিসেম্বর ডিএসইতে ২০০ কোটি টাকার ওপরে লেনদেন হয়। আবার গত ২১ জানুয়ারি ডিএসইতে বিগত আট বছরের মধ্যে সর্বনিম্ন অর্থাত্ ১০১ কোটি টাকার লেনদেন হয়েছে। ওই দিন সিএসইতেও লেনদেন অনেক কমেছিল।আজ সিএসইতে ২৬ কোটি টাকার শেয়ার দেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে সাত কোটি টাকা বেশি।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ১৩ পয়েন্ট বেড়ে ৪১৬৭ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। বেলা ১২টা ১০ মিনিটে সূচক গতকালের চেয়ে ৩৩ পয়েন্ট বেড়েছিল। এরপর সূচক বাড়ার হার কিছুটা কমে। তবে শেষ পর্যন্ত ঊর্ধ্বমুখী থাকে সূচক।আজ ডিএসইতে মোট ২৬৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৯০টিরই দাম বেড়েছে, কমেছে ৫৫টির আর অপরিবর্তিত রয়েছে ২৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।দিনের লেনদেন শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: ইউনাইটেড এয়ার, বিএসসিসিএল, ইউনিক হোটেল, জেনারেশন নেক্সট ফ্যাশন, ডেল্টা স্পিনিং, বেক্সিমকো, আরএন স্পিনিং, গ্রামীণ ফোন, এনভয় টেক্সটাইল ও এনবিএল।দিনের লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক গতকালের চেয়ে ৩৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২৭২৯ পয়েন্টে। সিএসইতে আজ ১৮২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাত বদল হয়েছে। এর মধ্যে ১২৬টিরই দাম বেড়েছে, কমেছে ৪০টির আর অপরিবর্তিত রয়েছে ১৬টি প্রতিষ্ঠানের দাম।