ডিএসইতে লেনদেন ৪০০ কোটিতে পৌঁছেছে
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল রোববার লেনদেন ৪০০ কোটি টাকা ছাড়িয়েছে। চলতি বছরের মধ্যে প্রথম ডিএসইতে ৪০০ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। এটিকে বাজারের জন্য খুবই ইতিবাচক বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল দেশের উভয় স্টক এক্সচেঞ্জে মূল্যসূচক বেড়েছে। ডিএসইর সাধারণ মূল্যসূচক ৩০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে প্রায় চার হাজার ৩৪৯ পয়েন্টে। আর সম্প্রতি চালু হওয়া নতুন সূচক ডিএসইএক্স প্রায় ৪৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ২৪৮ পয়েন্টে। কসমোপলিটন ফিন্যান্সের প্রতিবেদন অনুযায়ী, সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকার বাজারে লেনদেনে প্রাধান্য ধরে রেখেছে বিদ্যুৎ ও জ্বালানি খাত। এ খাতের ১৪টি কোম্পানির সম্মিলিত লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৭১ কোটি টাকা, যা ডিএসইর মোট লেনদেনের প্রায় ১৭ শতাংশ। এ খাতের পর লেনদেনের দিক থেকে দ্বিতীয় অবস্থানে ছিল বস্ত্র খাত। ডিএসইর মোট লেনদেনের প্রায় সাড়ে ১৬ শতাংশই ছিল এ খাতের।জানতে চাইলে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মোহাম্মদ এ হাফিজ প্রথম আলোকে বলেন, ‘গত কয়েক দিনে বাজারের আচরণ দেখে মনে হচ্ছে, বিনিয়োগকারীদের অংশগ্রহণ একটু একটু করে বাড়ছে। এত দিন ধরে বিনিয়োগকারীদের মধ্যে আত্মবিশ্বাসের যে ঘাটতি ছিল, সেটিও কিছুটা কমতে শুরু করেছে বলে আমার মনে হয়। যার ইতিবাচক প্রভাব দেখা যাচ্ছে লেনদেনে।’মোহাম্মদ এ হাফিজ আরও বলেন, ‘বাজার ধসের পর আমরা দেখেছি, আস্থা ফেরাতে নানা মহল থেকে বিচ্ছিন্নভাবে নানা উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু তার বেশির ভাগই বাস্তবায়িত হয়নি। তাই বিচ্ছিন্ন কোনো উদ্যোগের চেয়ে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করা হলে সেটি অনেক বেশি কার্যকর হয়। এ কারণে বাজারের বিদ্যমান সমস্যা সমাধানে সম্মিলিত প্রচেষ্টা চলছে। তারই ইতিবাচক প্রতিফলন বাজারে দেখা যাচ্ছে।’কসমোপলিটন ফিন্যান্সের তথ্য বলছে, একক কোম্পানি হিসেবে এদিন লেনদেনের শীর্ষে ছিল ভ্রমণ ও অবকাশ খাতের কোম্পানি ইউনাইটেড এয়ার। এদিন এককভাবে কোম্পানিটির ৩১ কোটি ৪৯ লাখ টাকার লেনদেন হয়, যা ডিএসইর মোট লেনদেনের প্রায় সাড়ে ৭ শতাংশ। একক কোম্পানি হিসেবে লেনদেনে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে বেক্সিমকো। এদিন কোম্পানিটির প্রায় ২৫ কোটি টাকার লেনদেন হয়, যা ডিএসইর মোট লেনদেনের প্রায় ৬ শতাংশ।ঢাকার বাজারে গতকাল ২৭৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ২১৪টি কোম্পানিরই শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৪১টির আর অপরিবর্তিত ছিল ২০টির শেয়ারের দাম। দিন শেষে ডিএসইতে প্রায় ৪১৯ কোটি টাকার লেনদেন হয়, যা আগের কার্যদিবসের চেয়ে ৮৭ কোটি টাকা বেশি।অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক মূল্যসূচক ১৭০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ২৯১ পয়েন্টে। এদিন সিএসইতে ১৮৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৪৮টি কোম্পানিরই শেয়ারের দাম বেড়েছে, কমেছে ২৩টির আর অপরিবর্তিত ছিল ১৭টির শেয়ারের দাম। দিন শেষে চট্টগ্রামের বাজারে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৪৯ কোটি টাকা, যা আগের কার্যদিবসের চেয়ে আট কোটি টাকা বেশি।