ডিএসইতে লেনদেন ৫০০ কোটি টাকা ছাড়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন আবার ৫০০ কোটি টাকা ছাড়িয়েছে। ডিএসইতে গতকাল ৫৩১ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ৬৯ কোটি টাকা বেশি। ফলে দেড় মাসের বেশি সময় পর ঢাকার বাজারে গতকাল মঙ্গলবার ৫০০ কোটি টাকার ওপরে লেনদেন হলো। এর আগে সর্বশেষ চলতি বছরের ৯ জানুয়ারি ডিএসইতে ৫৩৯ কোটি টাকার লেনদেন হয়েছিল। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন গতকাল ৬০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। লেনদেনের পাশাপাশি দুই বাজারের মূল্যসূচকও বেড়েছে। দিন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক প্রায় সাড়ে ৩ শতাংশ বা ১৪৭ পয়েন্ট বেড়েছে। সিএসইর সার্বিক মূল্যসূচক বেড়েছে পৌনে ৩ শতাংশ বা ৩৬২ পয়েন্ট।বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, সোমবার বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনসহ (এসইসি) কয়েকটি নিয়ন্ত্রক সংস্থা ও ব্যবসায়ীদের বৈঠকের আলোচনা বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে।বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠকে ব্যবসায়ী নেতারা ব্যাংকের সুদের হার কমানোর দাবি জানান। বৈঠকে ব্যবসায়ীরা মেয়াদি ঋণে ১২ শতাংশ এবং চলতি মূলধনে ১৪ শতাংশ সুদ দেওয়ার কথা বলেন। একই বৈঠকে ব্যাংকের সুদের হার বেড়ে যাওয়ায় তা পুঁজিবাজারে নেতিবাচক প্রভাব ফেলছে বলে বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বাংলাদেশ ব্যাংককে জানান।যোগাযোগ করা হলে ডিএসইর সভাপতি শাকিল রিজভী প্রথম আলোকে বলেন, সোমবার বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অনুষ্ঠিত নিয়ন্ত্রক সংস্থা ও ব্যবসায়ীদের বৈঠকের খবর বিনিয়োগকারীদের আস্থা বাড়িয়েছে। আর তারই ইতিবাচক প্রভাব পড়েছে বাজারে। রিজভী আরও বলেন, ‘আমাদের বাজারে শেয়ারের দাম বাড়তে থাকলে ক্রেতাও বাড়ে। আবার দাম যখন কমতে থাকে তখন ক্রেতাও কমে যায়। তাই গতকাল সকালে শেয়ারের দাম বাড়তে শুরু করলে বাজারে ক্রেতা বেড়ে যায়। এতে লেনদেন ও শেয়ারের দাম উভয়ই বেড়েছে। এ ছাড়া তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের ন্যূনতম শেয়ার ধারণের নির্ধারিত সময়সীমা যতই ঘনিয়ে আসছে, বাজারে তার ইতিবাচক প্রভাব পড়ছে।’ দিন শেষে ডিএসইর সাধারণ সূচক বেড়ে দাঁড়িয়েছে প্রায় চার হাজার ৬৬৯ পয়েন্টে। এর আগে সর্বশেষ গত ২৩ জানুয়ারি ডিএসইর সাধারণ সূচক চার হাজার ৬৩৯ পয়েন্টের অবস্থানে ছিল। এদিকে, সিএসইর সার্বিক মূল্যসূচক মঙ্গলবার লেনদেন শেষে বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৩৬২ পয়েন্টে। সিএসইতে গতকাল প্রায় ৬২ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে আট কোটি টাকা বেশি। এর আগে সর্বশেষ গত ৫ জানুয়ারি সিএসইতে ৬৯ কোটি টাকার লেনদেন হয়েছিল।