ডিএসইতে লেনদেন ৭০০ কোটি টাকা ছাড়াল
সূচক ও লেনদেনের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ বুধবার শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন। বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে সূচকও বেড়েছে। একই সঙ্গে ডিএসইর লেনদেন আজ ৭০০ কোটি টাকা ছাড়িয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, আজ ডিএসইতে ৭৫২ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১০৭ কোটি টাকা বেশি। এদিকে আজকের লেনদেন গত আট মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত বছরের ৩ অক্টোবর ডিএসইতে সর্বশেষ এক হাজার ৪৪ কোটি টাকার লেনদেন হয়।
আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স গতকালের চেয়ে ৪০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪১০৩ পয়েন্টে। ডিএসইতে ২৮৬টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১৫৬টির দাম বেড়েছে, কমেছে ১০৭টির আর অপরিবর্তিত রয়েছে ২৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি, বিএসসিসিএল, ইউনিক হোটেল, ইউনাইটেড এয়ার, ওরিয়ন ফার্মা, আরএন স্পিনিং, মেঘনা পেট্রোলিয়াম, অ্যাকটিভ ফাইন, আমরা টেকনোলজিস, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ প্রভৃতি।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জর (সিএসই) সার্বিক মূল্যসূচক ১৪৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২৭০২ পয়েন্টে। সিএসইতে আজও ২১০টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১০৮টির দাম বেড়েছে, কমেছে ৮৭টির আর অপরিবর্তিত রয়েছে ১৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ এই স্টক এক্সচেঞ্জে ৬৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১৭ কোটি টাকা বেশি।