ডিএসইতে লেনদেন ৭০০ কোটি টাকা ছাড়িয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের পুঁজিবাজারে আজ মঙ্গলবার ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। দিন শেষে দুই বাজারেই সূচক ও লেনদেন বেড়েছে। আর প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেন ৭০০ কোটি টাকা ছাড়িয়েছে, যা প্রায় দেড় মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত ২৩ নভেম্বর ডিএসইতে এক হাজার ৫১ কোটি টাকার লেনদেন হয়।বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সম্প্রতি গ্রহণ করা বেশ কিছু সিদ্ধান্ত এরই মধ্যে বাস্তবায়ন হতে শুরু হয়েছে। এর মধ্যে কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার সংরক্ষণ-সংক্রান্ত নির্দেশনা অনুযায়ী অনেকে শেয়ার কেনা শুরু করেছেন। এর প্রভাব বাজারে পড়তে শুরু করেছে বলে মনে করছেন তাঁরা। তবে বিনিয়োগকারীদের ধৈর্য ও সতর্কতার সঙ্গে বিনিয়োগ করারও পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ দিন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৬৭.৬০ পয়েন্ট বেড়ে ৫৪০১.০৩ পয়েন্টে দাঁড়িয়েছে।সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।ডিএসইতে আজ ২৬১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ২০০টিরই দাম বেড়েছে। কমেছে ৪৪টির আর অপরিবর্তিত রয়েছে ১৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৭১০ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১১৬ কোটি টাকা বেশি।দিন শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো ফু-ওয়াং সিরামিকস, ইউনাইটেড এয়ার, গ্রামীণফোন, আরএন স্পিনিং, বেক্সিমকো, কেয়া কসমেটিকস, আফতাব অটো, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস, মার্কেন্টাইল ব্যাংক ও ফু ওয়াং ফুড।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ১৭৪.৫৪ পয়েন্ট বেড়ে ১৫২৪৯.৮০ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ১৯৫টি প্রতিষ্ঠানের মধ্যে ১৫০টিরই দাম বেড়েছে। কমেছে ৩৩টির আর অপরিবর্তিত রয়েছে ১২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে আজ ৬২ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১২ কোটি টাকা বেশি।