ডিএসইতে লেনদেনের কর আদায় বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনের ওপর থেকে কর আদায়ের পরিমাণ বেড়েছে। অগ্রিম আয়কর (এআইটি) বাবদ এ অর্থ আদায় হয়েছে।
চলতি ২০১৩-১৪ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক শেষে লেনদেনের কর বাবদ সরকারের রাজস্ব আয় হয়েছে ৩২ কোটি ৭৮ লাখ টাকার বেশি। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ২৮ কোটি ৫৪ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, ত্রৈমাসিক হিসেবে আয় বাড়লেও সেপ্টেম্বর মাসে লেনদেনের কর আগের বছরের একই সময়ের চেয়ে কমেছে। চলতি বছরের সেপ্টেম্বরে এ খাত থেকে সরকারের আয়ের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১০ কোটি টাকা। আগের বছরের একই সময়ে যার পরিমাণ ছিল প্রায় ১৯ কোটি টাকা। সেই হিসাবে চলতি বছরের সেপ্টেম্বরে আয় কমেছে প্রায় নয় কোটি টাকা। বর্তমানে লেনদেনের ওপর শূন্য দশমিক শূন্য ৫ শতাংশ হারে কর ধার্য রয়েছে।
বছরের প্রথম প্রান্তিকে লেনদেনের কর আদায় বাড়লেও তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা ও প্লেসমেন্ট শেয়ার বিক্রির ওপর থেকে কর আদায়ের পরিমাণ কমে গেছে। এ বছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে এই খাত থেকে মোট কর আদায় হয়েছে প্রায় ১১ কোটি টাকা। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল প্রায় ২৩ কোটি টাকা। সেই হিসাবে এ খাত থেকে সরকারের আয় কমেছে প্রায় ১২ কোটি টাকা।
এখানে উল্লেখ্য, উদ্যোক্তা ও প্লেসমেন্ট শেয়ার বিক্রির ওপর ৫ শতাংশ হারে কর ধার্য রয়েছে।
ডিএসই জানিয়েছে, লেনদেনের কর বাবদ চলতি বছরের জুলাইয়ে প্রায় ১৫ কোটি, আগস্টে প্রায় সাত কোটি ও সেপ্টেম্বরে প্রায় ১০ কোটি টাকা আয় হয়। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল যথাক্রমে প্রায় চার, ছয় ও ১৯ কোটি টাকা।
এ ছাড়া উদ্যোক্তা ও প্লেসমেন্ট শেয়ার বিক্রির ওপর আরোপিত কর হিসেবে গত জুলাইয়ে প্রায় তিন কোটি, আগস্টে প্রায় চার কোটি ও সেপ্টেম্বরে চার কোটি টাকা আয় হয়। আগের বছর একই সময়ে এর পরিমাণ ছিল যথাক্রমে প্রায় ১২, দুই ও নয় কোটি টাকা।
বাজারচিত্র: সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল রোববার ডিএসইতে দরপতন ঘটেছে। সেই সঙ্গে লেনদেনের নিম্নমুখী প্রবণতাও অব্যাহত রয়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬৬ পয়েন্ট বা ১ দশমিক ৬৭ শতাংশ কমে দাঁড়িয়েছে তিন হাজার ৮৮২ পয়েন্টে। দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ২৪৭ কোটি টাকা।
ডিএসইতে গতকাল ২৮২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ২৩৯টিরই দাম কমেছে, বেড়েছে মাত্র ২১টির আর অপরিবর্তিত ছিল ২২টির। লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে ১৮ কোটি টাকা কমেছে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ২০৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২ হাজার ১৯ পয়েন্টে। এদিন সিএসইতে ২১২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৮৮টিরই দাম কমেছে, বেড়েছে মাত্র ১৫টির আর অপরিবর্তিত ছিল নয়টির দাম। দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ১৮ কোটি টাকা।