ডিএসইতে শেয়ার লেনদেনে রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার শেয়ার লেনদেনে রেকর্ড হয়েছে। এ ছাড়া দুই স্টক এক্সচেঞ্জেই আজ সারা দিনই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। দিন শেষে উভয় স্টক এক্সচেঞ্জে সূচক ও লেনদেন বেড়েছে।আজ ২০ কোটি ৮৩ লাখ ৪০ হাজার ৬২৩টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে, যা ডিএসইর ইতিহাসে সর্বোচ্চ। গতকালও স্টক এক্সচেঞ্জটিতে লেনদেনে রেকর্ড হয়েছিল। এ দিন ডিএসইতে ১৮ কোটি ২৮ লাখ ৮৮ হাজার ৮৩৯টি শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়।বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বেশ কয়েক দিন ধরে বাজারে চাঙাভাব বিরাজ করছে। এতে বিনিয়োগকারীদের আস্থা ফিরতে শুরু করেছে। অনেক বিনিয়োগকারী আবারও বাজারে সক্রিয় হচ্ছেন। এর ফলে লেনদেনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তবে কোনো ধরনের গুজবে কান না দিয়ে অতি মূল্যায়িত নয়—এমন ভালো মৌল ভিত্তির শেয়ারে বিনিয়োগের পরামর্শ দিয়েছেন তাঁরা।আজ ডিএসইর সাধারণ মূল্যসূচক ৪৮.৮২ পয়েন্ট বেড়ে ৬৫৬২.৯২ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে লেনদেন হওয়া ২৬৩টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৭১টির, কমেছে ৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে চারটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ এক হাজার ৪৮০ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৬২ কোটি টাকা বেশি।আজ সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে ডিএসইতে লেনদেন শুরু হয়। বেলা ১১টা ২০ মিনিটে সূচক কিছুটা কমলেও আবার সূচক ঊর্ধ্বমুখী হয়, যা দিনের বাকি সময় অব্যাহত থাকে।ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে বেক্সটেক্স, বেক্সিমকো, ইউনাইটেড এয়ার, সোস্যাল ইসলামী ব্যাংক, এনবিএল, গ্রামীণফোন, এমআই সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেড, ইউসিবিএল, ওয়ান ব্যাংক ও আরএন স্পিনিং।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ২১৫.৭৯ পয়েন্ট বেড়ে ১৮৪৯৪.১৯ পয়েন্টে দাঁড়ায়। সিএসইতে লেনদেন হওয়া ২০৯টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৪২টির, কমেছে ৬২টির এবং অপরিবর্তিত রয়েছে পাঁচটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ১৫৪ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ২৭ কোটি টাকা বেশি।