ডিএসইতে সপ্তাহের শুরুতে দরপতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূচকের নিম্নগামী প্রবণতার মধ্যে শেষ হলো দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম দিনের লেনদেন। গত বৃহস্পতিবার সূচকের ঊর্ধ্বগতিতে শেষ হয়েছিল লেনদেন। সেদিন ৬২ পয়েন্ট যোগ হয়ে ডিএসই সাধারণ মূল্যসূচক দাঁড়িয়েছিল ৪,২৮৪ পয়েন্টে। আজ রোববার দিন শেষে সূচকের তির নিম্নমুখী হয়ে তা থেকে ৫০ পয়েন্ট কমে ৪,২৩৪ পয়েন্টে দাঁড়ায়। একই সঙ্গে কমে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম। তবে বাড়ে লেনদেনের পরিমাণ। ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ লেনদেনের ১০ মিনিটের মাথায় সূচক গত বৃহস্পতিবারের চেয়ে ২৬ পয়েন্ট কমে গেলেও ২০ মিনিটে বাড়ে পাঁচ পয়েন্ট। আধা ঘণ্টায় সূচক কমে ১৫ পয়েন্ট। দুপুর ১২টার দিকে সূচক বাড়ার হার সর্বোচ্চ ১৪ পয়েন্ট ছিল। এরপর নিম্নমুখী প্রবণতায় সূচকের ওঠানামার মধ্যে শেষ হয় লেনদেন। আজ ডিএসইতে লেনদেন হওয়া ২৬৫টি প্রতিষ্ঠানের মধ্যে ৭১টির দাম বাড়ে। কমে ১৬৯টির আর অপরিবর্তিত ছিল ২৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।স্টক এক্সচেঞ্জটিতে আজ মোট ২৬১ কোটি টাকার লেনদেন হয়, যা গত বৃহস্পতিবারের চেয়ে প্রায় ২৩ কোটি টাকা বেশি।ডিএসইতে আজ লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো: বাংলাদেশ সাবমেরিন কেব্ল কোম্পানি লিমিটেড, গ্রামীণফোন, জিপিএইচ ইস্পাত, ইউনাইটেড এয়ারওয়েজ, তিতাস গ্যাস, কেয়া কসমেটিকস, যমুনা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম, লংকা-বাংলা ফিন্যান্স ও বেক্সিমকো।