ডিএসইতে সর্বনিম্ন লেনদেনের নতুন রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার গত তিন বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন লেনদেনের রেকর্ড হয়েছে। তবে সূচকের সামান্য ঊর্ধ্বগতির মধ্য দিয়ে শেষ হয় লেনদেন এবং বাড়ে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসই সাধারণ মূল্যসূচক গতকালের চেয়ে চার পয়েন্ট বেড়ে ৪,৩০০ পয়েন্টে দাঁড়ায়।সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে ডিএসইতে লেনদেন শুরু হয়েছিল। ২৫ মিনিটে সূচক গতকালের চেয়ে ৫৯ পয়েন্ট বাড়ে। ৫৫ মিনিটে সূচক নিম্নমুখী হয়ে গতকালের চেয়ে প্রায় ১০ পয়েন্ট কমে যায়। বেলা পৌনে একটার দিকে সূচক আবার গতকালের চেয়ে বেড়ে যায় ৪৮ পয়েন্ট। এরপর সূচক বাড়ার হার কমে যায়। এভাবে দিনের শেষ পর্যন্ত সূচকের ওঠানামা অব্যাহত ছিল।আজ লেনদেন হওয়া ২৬২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে বাড়ে ১৬৩টির দাম, কমে ৭৯টির আর অপরিবর্তিত ছিল ২০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।স্টক এক্সচেঞ্জটিতে আজ মোট ১১৮ কোটি টাকার লেনদেন হয়। যা, গত তিন বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন লেনদেন। গতকাল লেনদেনের পরিমাণ ছিল ১২২ কোটি টাকার। এর আগে ২০০৮ সালের ১৭ ডিসেম্বর ১০৯ কোটি টাকার লেনদেন হয়েছিল। এরপর ২০১১ সালের ২০ জানুয়ারি মাত্র ৬৮ কোটি টাকার লেনদেন হয়েছিল। তবে সেদিন অস্বাভাবিক লেনদেনের কারণে মাত্র পাঁচ মিনিট স্থায়ী হয় তা এবং এর পরই কর্তৃপক্ষ লেনদেন বন্ধ করে দেয়। ফলে সার্বিক বিচারে গত প্রায় সাড়ে তিন বছরের মধ্যে আজ লেনদেনের পরিমাণ ছিল সর্বনিম্ন। দিন শেষে লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড, লাফার্জ সুরমা সিমেন্ট, গ্রামীণফোন, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, লংকাবাংলা ফিন্যান্স, স্কয়ার ফার্মা, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, এমআই সিমেন্ট, যমুনা অয়েল এবং বেক্সিমকো।