ডিএসইতে সাড়ে তিন বছরের মধ্যে সর্বনিম্ন লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার গত সাড়ে তিন বছরের মধ্যে সর্বনিম্ন লেনদেনের রেকর্ড হয়েছে। পাশাপাশি সূচকের নিম্নগতির মধ্য দিয়ে শেষ হয়েছে লেনদেন। কমেছে প্রায় সব কটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসই সাধারণ মূল্যসূচক গতকালের চেয়ে ১০৮ পয়েন্ট কমে ৪,২৯৫ পয়েন্টে দাঁড়িয়েছে। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে ডিএসইতে লেনদেন শুরু হয়। পাঁচ মিনিটে সূচক গতকালের চেয়ে সাত পয়েন্ট বেড়ে যায়। ২৫ মিনিটে কমে যায় ৩৮ পয়েন্ট। বেলা সোয়া ১১টায় সূচক কমে ২২ পয়েন্ট। এরপর আবারো বেড়ে যায় সূচক কমার হার এবং এভাবেই শেষ হয়ে দিনের লেনদেন।আজ লেনদেন হওয়া ২৫৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে বেড়েছে মাত্র ২১টির দাম, কমেছে ২২২টির আর অপরিবর্তিত আছে ১১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ মোট ১২২ কোটি টাকার লেনদেন হয়েছে। এর আগে ২০০৮ সালের ১৭ ডিসেম্বর ১০৯ কোটি টাকার লেনদেন হয়েছিল। এরপর ২০১১ সালের ২০ জানুয়ারি মাত্র ৬৮ কোটি টাকার লেনদেন হয়েছিল। তবে সেদিন অস্বাভাবিক লেনদেনের কারণে মাত্র পাঁচ মিনিট স্থায়ী হয় তা এবং এরপরই কর্তৃপক্ষ লেনদেন বন্ধ করে দেয়। ফলে সার্বিক বিচারে গত প্রায় সাড়ে তিন বছরের মধ্যে আজ লেনদেনের পরিমাণ ছিল সর্বনিম্ন। দিন শেষে লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো— বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড, গ্রামীণফোন, লাফার্জ সুরমা সিমেন্ট, লংকাবাংলা ফিন্যান্স, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, এমআই সিমেন্ট, যমুনা অয়েল, স্কয়ার ফার্মা, তিতাস গ্যাস এবং বেক্সিমকো।