ডিএসইতে সাত মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার সাত মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে। একই সঙ্গে কমেছে সূচকও। তবে সারা দিনই সূচকের ওঠানামা ছিল চোখে পড়ার মতো।ডিএসই সূত্রে জানা যায়, ডিএসইতে আজ ২৮৫ কোটি টাকা লেনদেন হয়েছে। এর আগে গত ২৫ জানুয়ারি ২০৬ কোটি টাকা লেনদেন হয়।বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, গত রোববার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) শেয়ারবাজার কারসাজির দায়ে অভিযুক্ত পাঁচ ব্যক্তির বিরুদ্ধে মামলা করে। এরই নেতিবাচক প্রভাবে রোববার দিনশেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৬১ পয়েন্ট কমেছিল। আর সোমবার সরকারি ছুটির কারণে শেয়ারবাজারে লেনদেন বন্ধ ছিল। এরই ধারাবাহিকতায় আজও লেনদেন ও সূচক কমে যায় বলে মনে করছেন তাঁরা।আজ দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ১১.৭৬ পয়েন্ট কমে ৬০৪৫.৬২ পয়েন্টে দাঁড়ায়।ডিএসইতে সূচক কমার মধ্য দিয়ে আজ লেনদেন শুরু হয়। পাঁচ মিনিটের মাথায় সাধারণ মূল্যসূচক ৩০ পয়েন্ট কমে যায়। তবে বেলা ১১টায় সূচক বেড়ে যায় ১৬ পয়েন্টে। এভাবেই সূচক দিনভর ওঠানামা করে।ডিএসইতে আজ হাতবদল হওয়া ২৫৫টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১২০টির প্রতিষ্ঠানের, কমেছে ১২৪টির, আর অপরিবর্তিত রয়েছে ১১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।এ দিকে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে বিনিয়োগকারীদের একটি অংশ অব্যাহত দরপতনের প্রতিবাদে আজও ডিএসইর সামনে বিক্ষোভ ও মিছিল করেছেন।আজ ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে কেয়া কসমেটিকস, ইউনাইটেড এয়ার, এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ড, বেক্সিমকো, গ্রামীণফোন, গ্রামীণ মিউচুয়াল ফান্ড ১, সিটি ব্যাংক, লাফার্জ সুরমা সিমেন্ট, আরএন স্পিনিং ও মালেক স্পিনিং।অন্যদিকে সিএসইর সার্বিক মূল্যসূচক আজ আগের দিনের চেয়ে ২৭.৫০ পয়েন্ট কমে ১৭২৬১.৯০ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে আজ ১৬৯ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ৯৬টিরই দাম কমেছে। বেড়েছে ৬০টির আর অপরিবর্তিত রয়েছে ১৩টির দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৪১ কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ছয় কোটি টাকা বেশি।