ডিএসইতে সাত মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন
মূল্যসূচকের উত্থান-পতনের মধ্য দিয়ে গতকাল মঙ্গলবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন শেষ হয়েছে। দিনশেষে ঢাকার বাজারে লেনদেনের পরিমাণ নেমে এসেছে প্রায় ২৮৬ কোটি টাকায়। বিগত সাত মাসের মধ্যে এটিই ডিএসইতে সর্বনিম্ন লেনদেন। এর আগে চলতি বছরের ২৫ জানুয়ারি ডিএসইতে ২০৬ কোটি টাকার লেনদেন হয়েছিল। অবশ্য ঢাকার বাজারে কমলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে বেড়েছে। সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার দরপতন দিয়ে ডিএসইর লেনদেন শেষ হয়। ওই দিন নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) শেয়ারবাজার কারসাজির দায়ে অভিযুক্ত পাঁচ ব্যক্তির বিরুদ্ধে মামলা করে। তারই নেতিবাচক প্রভাবে রোববার দিনশেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৬১ পয়েন্ট কমে যায়। মাঝে সোমবার সরকারি ছুটির কারণে শেয়ারবাজারে লেনদেন বন্ধ ছিল। একদিন বন্ধ থাকার পর মঙ্গলবার দরপতন দিয়েই ডিএসইতে লেনদেন শুরু হয়। লেনদেন শুরুর পাঁচ মিনিটের মধ্যেই সাধারণ সূচক আগের দিনের চেয়ে ৩০ পয়েন্ট কমে যায়। এরপরের ৩০ মিনিট সূচক এক টানা বাড়তে থাকে। তারই একপর্যায়ে সূচক আগের দিনের চেয়ে ১৬ পয়েন্ট বেড়ে ছয় হাজার ৭৩-এ উন্নীত হয়। সেটিই ছিল মঙ্গলবার ডিএসইর সাধারণ সূচকের সর্বোচ্চ অবস্থান। এরপর সূচক আবার কমতে থাকে। লেনদেন শেষেও এই ঋণাত্মক অবস্থা বজায় ছিল। অবশ্য মাঝে সূচকের বেশ ওঠানামা চোখে পড়ে। দিনশেষে গতকাল ডিএসইর সাধারণ সূচক ১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে প্রায় ছয় হাজার ৪৬ পয়েন্টে। দিনভর শেয়ারের দামের সঙ্গে পাল্লা দিয়ে সূচকের উত্থান-পতন ঘটলেও লেনদেন ছিল নিম্নমুখী। বেশ কিছুদিন ধরে ধারাবাহিক দরপতনের কারণে বাজারে বিক্রেতা কমে যাওয়াকে লেনদেন কমার প্রধান কারণ বলে মনে করছেন বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁরা জানান, ঈদের আগে আর মাত্র দুই কার্যদিবস লেনদেন বাকি আছে। ২৬ আগস্ট থেকে ডিএসইতে ঈদের ছুটি শুরু হচ্ছে। তার আগে আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার শেয়ারবাজারে লেনদেন হবে। নিয়ম অনুযায়ী, বর্তমানে শেয়ারবাজারে লেনদেন সম্পন্ন হতে সর্বনিম্ন চার কার্যদিবস সময় লাগে। সেই হিসেবে গতকাল মঙ্গলবার শেয়ার বিক্রি করে ঈদের আগে পূর্ণাঙ্গ লেনদেন সম্পন্ন করা সম্ভব নয়। এর কারণেও বাজারে বিক্রেতা কমে গেছে বলে মনে করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। ঢাকার বাজারে গতকাল ২৫৫ কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে ১২৪টির দাম কমেছে, বেড়েছে ১২০টির আর অপরিবর্তিত ছিল ১১টির দাম। দিনশেষে ঢাকার বাজারে লেনদেন আগের দিনের চেয়ে ১৭ কোটি টাকা কমেছে। এদিকে সিএসইর সার্বিক মূল্যসূচক গতকাল আগের দিনের চেয়ে ২৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ২৬২ পয়েন্ট। দিনশেষে সেখানে ১৬৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে ৯৬টির দাম কমেছে, বেড়েছে ৬০টির আর অপরিবর্তিত ছিল ১৩টির। সিএসইতে গতকাল প্রায় ৪২ কোটি টাকার লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ছয় কোটি টাকা বেশি।