প্রধান বিরোধী দল বিএনপির ডাকা হরতালের মধ্যেও আজ রোববার চাঙা ছিল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। আজ ডিএসইতে লেনদেন হওয়া বেশির ভাগ শেয়ারের দর বেড়েছে। বেড়েছে সাধারণ মূল্যসূচকও। তবে আর্থিক লেনদেন কিছুটা কমেছে। এ ছাড়া বিভিন্ন ব্রোকারেজ হাউসে অন্যান্য দিনের তুলনায় বিনিয়োগকারীদের উপস্থিতি কিছুটা কম ছিল।ডিএসই সূত্রে জানা গেছে, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট ২৪০টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭০টির, কমেছে ৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে মোট তিনটি প্রতিষ্ঠানের শেয়ারের দর।এদিকে সাধারণ সূচকের ঊর্ধ্বগতির মধ্য দিয়ে আজ লেনদেন শুরু হয়। বেলা তিনটায় লেনদেন শেষ হওয়ার আগ পর্যন্ত সাধারণ মূল্যসূচক ১২০ দশমিক ৩৭ পয়েন্ট বেড়ে ৮৩০৭ দশমিক ৭০ পয়েন্টে দাঁড়ায়।আজ ডিএসইতে মোট ২২০২ কোটি টাকার কিছু বেশি লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে প্রায় ৫০ কোটি টাকা কম।আজ লেনদেনে শীর্ষ ১০টি প্রতিষ্ঠান হলো—সাউথইস্ট ব্যাংক, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্স সার্ভিসেস, এনসিসি ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, এবি ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক, বেক্সিমকো, ইউসিবিএল ও কনফিডেন্স সিমেন্ট।আজ সবচেয়ে বেশি বেড়েছে দেশ গার্মেন্টসের শেয়ারের দর। এ ছাড়া সিএমসি কামাল, ইমাম বাটন, তাল্লু স্পিনিং, হাক্কানি পাল্প অ্যান্ড পেপার, কাশেম ড্রাইসেলস, বিডি অটোকারস, এএমসিএল (প্রাণ), সাফকো স্পিনিং ও মিথুন নিটিং দর বৃদ্ধিতে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে।আজ সবচেয়ে বেশি কমেছে অ্যাটলাস বাংলাদেশের শেয়ারের দর। এ ছাড়া ডেসকো, উত্তরা ফিন্যান্স, বিচ হ্যাচারিজ, ম্যাকসনস স্পিনিং, মুন্নু জুটেক্স, পাওয়ার গ্রিড, আলহাজ্ব টেক্সটাইল, মুন্নু সিরামিক ও গ্রিন ডেল্টা ইনস্যুরেন্সের দর কমে যাওয়া শীর্ষ ১০ প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে।আজ ডিএসইর বাজার মূলধন ৩,৪৯,৪৩২ কোটি টাকা।