ডিএসইতে সাড়ে ছয় মাসে সর্বোচ্চ লেনদেন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার সাড়ে ছয় মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে। আজ দুই স্টক এক্সচেঞ্জে সূচকও বেড়েছে।ডিএসই সূত্রে জানা যায়, আজ ডিএসইতে এক হাজার ৬৮৩ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ২০৩ কোটি টাকা বেশি। আর এই লেনদেন গত সাড়ে ছয় মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত বছর ৩০ ডিসেম্বর এক হাজার ৭৮৩ কোটি টাকার লেনদেন হয়।আজ দিন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ১৫.৩৬ পয়েন্ট বেড়ে ৬৫৭৮.২৮ পয়েন্টে দাঁড়ায়। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ লেনদেন শুরু হয়। বেলা সাড়ে ১১টায় সূচক ৪৩ পয়েন্ট বাড়ে। বেলা ১২টা ১৫ মিনিটে সূচক দিনের সর্বোচ্চ ৭৯ পয়েন্ট বাড়ে। তবে বেলা একটা ৪০ মিনিটের পর থেকে সূচক নিম্নমুখী হলেও শেষ পর্যন্ত ১৫.৩৬ পয়েন্ট বাড়ে।আজ ডিএসইতে হাতবদল হওয়া ২৬৩টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১২০টি প্রতিষ্ঠানের দাম। কমেছে ১৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ছয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে ইউসিবিএল, ইউনাইটেড এয়ার, বেক্সিমকো, বেক্সটেক্স, এমআই সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেড, ওয়ান ব্যাংক, এমজেএল বিডি, সিটি ব্যাংক, আরএন স্পিনিং ও সোস্যাল ইসলামী ব্যাংক।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৭৬.৬৩ পয়েন্ট বেড়ে ১৮৫৭০.৮২ পয়েন্টে দাঁড়ায়। সিএসইতে হাতবদল হওয়া ২০৬টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১১১টির, কমেছে ৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে আটটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ১৬৮ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১৫ কোটি টাকা বেশি।এ দিকে শেয়ারবাজারে স্থিতিশীলতা ফেরাতে ডিএসইকে ১০ দফা প্রস্তাব দিয়েছে বিনিয়োগকারীদের সংগঠন ‘ফেডারেশন অব বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টরস ফোরাম’। সংগঠনটির নেতারা আজ ডিএসইর নেতাদের সঙ্গে বৈঠক করে এই প্রস্তাব দেন। এ সময় অন্যান্যের মধ্যে ডিএসইর সভাপতি শাকিল রিজভী, জ্যেষ্ঠ সহসভাপতি আহসানুল ইসলাম, সংগঠনটির আহ্বায়ক আবদুল মান্নানসহ ১১ সদস্যের প্রতিনিধি উপস্থিত ছিলেন।