ডিএসইতে সাড়ে ছয় মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র ঈদুল আজহা ও দুর্গাপূজার নয় দিনের ছুটি শেষে লেনদেন শুরুর প্রথম দিনে হোঁচট খেল দেশের শেয়ারবাজার। আজ দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে প্রায় সব কোম্পানির দরপতন হয়েছে। এর ফলে সূচকের বড় পতন লক্ষ করা গেছে। একই সঙ্গে প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ প্রায় সাড়ে ছয় মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে। কমেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেনও।

প্রধান বাজার ডিএসই সূত্রে জানা যায়, ডিএসইতে আজ লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১১০ কোটি টাকা, যা গত সাড়ে ছয় মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত ৬ মে ডিএসইতে ১০৭ কোটি টাকার লেনদেন হয়েছিল।

অন্যদিকে আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১২ কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ছয় কোটি টাকা কম।

লেনদেন কমার পাশাপাশি দুই বাজারেই আজ সূচক কমেছে। দিনের লেনদেন শেষে ডিএসইর ডিএসইএক্স সূচক ৭২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে তিন হাজার ৭৭১ পয়েন্টে।

এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের নিম্নমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। সূচকের নিম্নমুখী এই প্রবণতা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।

ডিএসইতে আজ ২৭৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাতবদল হয়েছে। এর মধ্যে ২২৯টিরই দাম কমেছে; বেড়েছে মাত্র ২৮টির আর অপরিবর্তিত রয়েছে ২১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

ডিএসইর পাশাপাশি সিএসইতেও সূচক কমেছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ১৯৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১১ হাজার ৬৬৮ পয়েন্টে।

আজ সিএসইতে হাতবদল হওয়া ১৯১টি প্রতিষ্ঠানের মধ্যে ১৬৫টিরই দাম কমেছে; বেড়েছে মাত্র ১৮টির এবং অপরিবর্তিত রয়েছে আটটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

এদিকে ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে ছিল বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেড। আজ এই প্রতিষ্ঠানের ছয় কোটি টাকার শেয়ার লেনদেন হয়। এ ছাড়া লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে আরগন ডেনিমস, বিএসসিসিএল, জেএমআই সিমেন্ট, স্কয়ার ফার্মা, এনভয় টেক্সটাইল, জেনারেশন নেক্সট ফ্যাশন, সিএমসি কামাল, গ্রামীণফোন, ওরিয়ন ফার্মা প্রভৃতি।