ডিএসইতে সাড়ে তিন বছরের মধ্যে সর্বনিম্ন লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শেয়ারবাজারে দরপতন অব্যাহত রয়েছে। নতুন সপ্তাহের প্রথম কার্যদিবসে গতকাল রোববারও বাজারে দরপতন ঘটেছে। এ নিয়ে চলতি ২০১২-১৩ অর্থবছরের মোট পাঁচ কার্যদিবসের মধ্যে চার দিনই বাজারে দরপতন ঘটল।দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক গতকাল দিন শেষে ১৮ পয়েন্ট কমে নেমে এসেছে প্রায় চার হাজার ২৭৩ পয়েন্টে। আর অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক প্রায় ৮৬ পয়েন্ট কমে নেমে এসেছে ১৩ হাজার পয়েন্টে। তবে দুই বাজারে সূচকের চেয়ে লেনদেন আশঙ্কাজনক হারে কমে গেছে।ঢাকার বাজারে গতকাল দিন শেষে প্রায় ১১৬ কোটি টাকার লেনদেন হয়। গত প্রায় সাড়ে তিন বছরের ব্যবধানে এটিই সর্বনিম্ন লেনদেন। এর আগে সর্বশেষ ২০০৮ সালের ১৭ ডিসেম্বর ডিএসইতে সর্বনিম্ন ১০৯ কোটি টাকার লেনদেন হয়েছিল। একইভাবে সিএসইতে গতকাল দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ১৭ কোটি টাকা। ওই বাজারে চার মাসের ব্যবধানে এটিই সর্বনিম্ন লেনদেন। এর আগে সর্বশেষ চলতি বছরের ১২ মার্চ সিএসইতে প্রায় ১৬ কোটি টাকার লেনদেন হয়েছিল।বাজারের এই অবস্থার জন্য বিনিয়োগকারীদের চরম আস্থাহীনতাকে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে আইডিএলসি ইনভেস্টমেন্টসের নিয়মিত প্রতিবেদনে। প্রতিষ্ঠানটির প্রতিবেদনে আরও বলা হয়, বিনিয়োগকারীদের আস্থাহীনতার পাশাপাশি তারল্যসংকটও অন্যতম কারণ। তারল্যসংকটের কারণে বাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণ সীমিত হয়ে পড়েছে।মূল্যসূচকের উত্থান দিয়েই গতকাল ঢাকার বাজারে লেনদেন শুরু হয়। প্রথম পৌনে এক ঘণ্টার মধ্যে ডিএসইর সাধারণ সূচক প্রায় ৫৩ পয়েন্ট বেড়ে যায়। এরপর পতন শুরু হয়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল। এদিন ডিএসইতে ২৬৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৫২টিরই দাম কমেছে, বেড়েছে ৮১টির আর অপরিবর্তিত ছিল ৩১টির দাম। দিন শেষে ঢাকার বাজারে লেনদেনের পরিমাণ ছিল আগের দিনের চেয়ে প্রায় ৪০ কোটি টাকা কম।চট্টগ্রামের বাজারের সার্বিক মূল্যসূচক রোববার দিন শেষে নেমে এসেছে প্রায় ১২ হাজার ৯৬২ পয়েন্টে। এদিন সিএসইতে ১৭৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১১৬টিরই দাম কমেছে, বেড়েছে ৪০টির আর অপরিবর্তিত ছিল ১৮টির দাম। দিন শেষে সেখানকার বাজারে লেনদেনের পরিমাণ ছিল আগের দিনের চেয়ে প্রায় ৭ কোটি টাকা কম।